ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও এক হাজার ৬৫৪ শিশু।
বুধবার (৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া সাত শিশুর মধ্যে দুইজন নিশ্চিত হামে এবং সন্দেহজনক হামে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া এই সময়ে হামে আক্রান্ত এক হাজার ৬৫৪ শিশুর মধ্যে নিশ্চত হামে ২৫৯ শিশু এবং সন্দেহজনক হামে ১৬৫৪ শিশু শনাক্ত হয়েছে।
এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ৪৪ হাজার ২৬০ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ৬০৯৯ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩০ হাজার ৮৮৫ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ২৭ হাজার ২২৩ রোগী।
এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ৩২৪ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ২৬৮ জন এবং নিশ্চিত হামে ৫৬ জনের মৃত্যু হয়েছে।
দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।