ঢাকা: গোপালগঞ্জ জেলার স্থানীয় সরকার প্রতিষ্ঠান, চলমান উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ মে) স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ায় সভায় প্রধান অতিথির দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান।
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এফ. ই. শরফুজ্জামান জাহাঙ্গীর, ২ আসনের কে এম বাবর এবং ৩ আসনের এস এম জিলানী সভায় উপস্থিত ছিলেন। এ সময় তারা তাদের নিজ নিজ এলাকার উন্নয়ন চাহিদার কথা তুলে ধরেন এবং প্রকল্পের দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করেন।
সভায় সচিব মো. শহীদুল হাসান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গোপালগঞ্জকে দেশের অন্যান্য জেলার মতো সমান গুরুত্ব দিয়ে উন্নয়নের আওতায় আনার ঘোষণা দিয়েছেন। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই জেলার চলমান উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ সভার আয়োজন করা হয়েছে।
সভায় চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও বিদ্যমান চ্যালেঞ্জগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়। পরবর্তীতে আলোচনার ভিত্তিতে শহীদুল হাসান প্রকল্পগুলোর বাস্তবায়ন আরও গতিশীল, কার্যকর এবং সময়োপযোগী করার জন্য প্রয়োজনীয় পরিবর্তন আনার পরামর্শ দেন তিনি।