ঢাকা: গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদই কারো জন্য চিরকাল সংরক্ষিত থাকে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১১ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ভাষণ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, সরকার পরিবর্তনশীল এবং এটি অতীতেও বিভিন্ন সময়ে প্রমাণিত হয়েছে। পৃথিবীর সব দেশেই এটি একটি প্রতিষ্ঠিত সত্য। ঠিক একইভাবে জনপ্রশাসন কিংবা পুলিশ প্রশাসনের কোনো পদও কারো জন্যই চিরস্থায়ী নয়। তাই দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারত্ব এবং জনবান্ধব মানসিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
পুলিশ বাহিনীকে সরকারের ‘আয়না’ হিসেবে অভিহিত করে তারেক রহমান বলেন, বর্তমান সরকার পুলিশ বাহিনীকে এমন একটি রূপে দেখতে চায় যা হবে সত্যিকার অর্থে জনবান্ধব। তিনি অপরাধ দমনের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার নির্দেশনা দিয়ে বলেন, দুর্নীতি বা সন্ত্রাসের কোনো ঘটনাকে রাজনৈতিক পরিচয়ে নয় বরং অপরাধীকে ব্যক্তি হিসেবে বিবেচনা করতে হবে। অপরাধী যে দলেরই হোক না কেন, তাকে অপরাধী হিসেবেই বিচার করা হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ চেষ্টা করলে সমৃদ্ধ, স্বনির্ভর ও নিরাপদ মানবিক বাংলাদেশ গড়ার পথে দেশ একধাপ এগিয়ে যাবে। এজন্য পুলিশ সদস্যদের বহুমুখী দক্ষ হওয়া এবং যেকোনো স্থানে কাজ করার মানসিকতা রাখা জরুরি। পেশাদারত্বের প্রশ্নে কোনো প্রকার আপস করা যাবে না।
জুলাই সনদের গুরুত্ব তুলে ধরে সরকারপ্রধান ঘোষণা করেন, সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে। এখন থেকে পুলিশ বাহিনীতে নিয়োগ, বদলি কিংবা পদোন্নতির ক্ষেত্রে কোনো রাজনৈতিক তদবির নয়, বরং সততা, মেধা ও দক্ষতাই হবে একমাত্র মূলনীতি। জনগণ কীভাবে সরকারকে মূল্যায়ন করে তা অনেকাংশেই পুলিশের ভূমিকার ওপর নির্ভর করে, তাই পুলিশ সদস্যদের মানবিক গুণাবলি রপ্ত করার আহ্বান জানান তিনি।
সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়া শুধু একটি স্লোগান নয় বরং সরকারের ঐকান্তিক আকাঙ্ক্ষা উল্লেখ করে প্রধানমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন। বিশেষ করে সাম্প্রদায়িক বা নাশকতামূলক কর্মকাণ্ডে কেউ যেন জড়াতে না পারে, সে বিষয়ে গোয়েন্দা নজরদারি ও সতর্কতা বাড়ানোর পরামর্শ দেন তিনি। বর্তমান সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে এবং দেশে শান্তির পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।