Monday 11 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

এনআইডি ফরমে আসছে পরিবর্তন, যুক্ত হচ্ছে পেশাদার ডিগ্রি

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ মে ২০২৬ ১৮:৩৯

জাতীয় পরিচয়পত্র। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: জাতীয় পরিচয়পত্র বা এনআইডির নিবন্ধন প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন। বর্তমান ব্যবস্থায় এনআইডি ফরমে শিক্ষাগত যোগ্যতা বা পেশার ঘরগুলো বেশ সীমিত এবং সাধারণ ক্যাটাগরিতে বন্দি। কিন্তু সময়ের প্রয়োজনে এবং নাগরিক সেবাকে আরও নিখুঁত করতে এখন মাদরাসার বিভিন্ন স্তরসহ অন্যান্য পেশাদার ডিগ্রিকে সরাসরি অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে ইসি।

সোমবার (১১ মে) ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

কর্মকর্তারা বলছেন, আগে মাদরাসায় পড়ুয়াদের ক্ষেত্রে আলাদা কোনো নির্দিষ্ট কলাম ছিল না। বেশিরভাগ ক্ষেত্রে ‘সাধারণ’ বা ‘সমমান’ লিখে কাজ চালিয়ে নেওয়া হতো। এতে করে একজন নাগরিকের প্রকৃত শিক্ষাগত পরিচয় অনেক সময় এনআইডি ডাটাবেজে অস্পষ্ট থেকে যেত।

বিজ্ঞাপন

একইভাবে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্যান্য বিশেষায়িত পেশাজীবীদের ক্ষেত্রেও দেখা যেত তাদের বিস্তারিত পেশার বদলে কেবল ‘সরকারি চাকরি’ বা ‘বেসরকারি চাকরি’ এমন সাধারণ কোনো তকমা জুড়ে দেওয়া হতো। এই নতুন ভাবনার মূল উদ্দেশ্য হলো এনআইডি ডাটাবেজকে আরও সমৃদ্ধ এবং তথ্যনির্ভর করা।

কমিশন মনে করছে, এনআইডি কার্ড এখন কেবল ভোট দেওয়ার পরিচয় নয়, বরং এটি নাগরিকের সবধরনের সেবা পাওয়ার প্রধান চাবিকাঠি। তাই ফরমে যদি কওমি বা আলিয়া মাদরাসার সুনির্দিষ্ট ডিগ্রির নাম এবং চিকিৎসকদের ক্ষেত্রে তাদের অর্জিত বিশেষায়িত ডিগ্রির নাম সরাসরি উল্লেখ করার সুযোগ থাকে, তবে প্রশাসনিক ও দাফতরিক কাজে সুবিধা হবে।

বিশেষ করে যারা মাদরাসায় উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন, তারা অনেক সময় এনআইডিতে তাদের সঠিক পরিচিতি ফুটিয়ে তুলতে পারতেন না। নতুন এই সংস্কার বাস্তবায়িত হলে নিবন্ধন ফরমের নকশা এবং ডাটাবেজের সফটওয়্যারে পরিবর্তন আনা হবে। এতে করে দেশের বিশাল একটি জনগোষ্ঠীর জন্য তাদের সঠিক পরিচয়পত্র তুলে ধরা সহজ হবে এবং সরকারি-বেসরকারি বিভিন্ন তথ্য যাচাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত হবে।

মূলত কমিশন আধুনিক ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবেই তথ্যের এই সুনির্দিষ্টকরণ প্রক্রিয়া হাতে নিচ্ছে বলে জানা গেছে।

সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর