ঢাকা: রাজধানীতে টানা দুই দিন পর্যাপ্ত বৃষ্টিপাত হলেও উন্নতি হয়নি বায়ুর মানের। সাধারণত বৃষ্টি হলে ঢাকার বাতাসের মান উন্নত হলেও এবার ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।
মঙ্গলবার (১২ মে) সকালেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, আজ সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার বায়ুর মান সূচক (একিউআই) ছিল ১৯৮, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
আবহাওয়ার তথ্য অনুযায়ী, সোমবার (১১ মে) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীতে ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগের দিন রোববার (১০ মে) বৃষ্টির পরিমাণ ছিল ৩২ মিলিমিটার। পর্যাপ্ত এই বৃষ্টিপাতের পরও মঙ্গলবার সকালে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষ অবস্থানে উঠে এসেছে ঢাকা। এদিন বায়ুদূষণে ঢাকার পরেই দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ভারতের দিল্লি (১৬৫) ও চীনের উহান (১৫৮)।
রাজধানীর নির্দিষ্ট কিছু এলাকার বায়ুর মান পর্যবেক্ষণ করে দেখা গেছে, তিনটি এলাকায় দূষণের মাত্রা ভয়াবহ। এর মধ্যে ২৭৩ স্কোর নিয়ে দূষণের শীর্ষে রয়েছে আগারগাঁও। এরপর ২৪১ স্কোর নিয়ে উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ এবং ২৩১ স্কোর নিয়ে বেচারাম দেউড়ি এলাকা তালিকার ওপরের দিকে রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত এপ্রিল মাসের পর বৃষ্টির প্রভাবে বায়ুমান উন্নত হওয়ার কথা থাকলেও মে মাসের মাঝামাঝিতে এসেও দূষণ না কমা উদ্বেগজনক।
বর্তমান পরিস্থিতি বিবেচনায় নগরবাসীর সুরক্ষায় আইকিউএয়ার বিশেষ সতর্কতা জারি করেছে। দূষণ থেকে রক্ষা পেতে বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া ঘরের জানালা বন্ধ রাখা এবং বাইরে শারীরিক ব্যায়াম না করার জন্য সতর্ক করা হয়েছে। বিশেষ করে শিশু ও শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য বর্তমান বাতাসকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ মনে করছেন চিকিৎসকরা।