ঢাকা: জনগুরুত্বপূর্ণ বিষয়ে বেসরকারি বিল উত্থাপনে সংসদ সদস্যদের সচেতন করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের ‘বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব’ সম্পর্কিত সংসদীয় কমিটি।
মঙ্গলবার (১২ মে) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে লেজিসলেটিভ ড্রাফটিং ইউনিটকে বিলের খসড়া তৈরিতে আরও সক্রিয় হওয়ার সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি মো. শাহজাহান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জীবন উৎসর্গকারীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর পরিচিতি পর্ব শেষে কমিটির মূল কার্যপরিধি এবং বেসরকারি বিল ও সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত সংবিধান ও কার্যপ্রণালি বিধির নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটির সভাপতি মো. শাহজাহান বলেন, জনকল্যাণমুখী কাজের জন্য বেসরকারি বিল অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, জনগুরুত্বপূর্ণ বিষয়ে বিল উত্থাপনে সব সংসদ সদস্যকে উৎসাহিত করতে হবে এবং এক্ষেত্রে কমিটির সদস্যদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
বৈঠকে, সংসদ সদস্যদের বিলের খসড়া বা ড্রাফটিং তৈরিতে সহায়তার জন্য সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ ড্রাফটিং ইউনিটকে আরও বেশি তৎপর ও সচেষ্ট হওয়ার জোরালো সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, সাধারণ সংসদ সদস্যরা যাতে সহজেই জনস্বার্থ সংশ্লিষ্ট বিলের খসড়া প্রস্তুত করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। বৈঠকে উপস্থিত ছিলেন মো. আমানউল্লাহ আমান, মো. আবুল খায়ের ভূঁইয়া, মোছা. তাহসিনা রুশদীর, মুহাম্মদ নওশাদ জমির, শাহজাহান চৌধুরী এবং মো. নূরুল ইসলাম। এছাড়া আইন মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।