Friday 15 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্যটকদের নিরাপত্তায় সমুদ্রসৈকতে স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের পরিকল্পনা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৬ ০৮:৩২ | আপডেট: ১৫ মে ২০২৬ ০৮:৩৩

আলোচনা সভায় পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

ঢাকা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, পর্যটকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে কক্সবাজার ও পটুয়াখালীর সমুদ্রসৈকতে হেলথ সেন্টার স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ মে) বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কক্সবাজারের সি-সেইফ লাইফগার্ড সার্ভিস পরিচালনাকারী প্রতিষ্ঠান সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ এবং দাতা সংস্থা রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশনের সঙ্গে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

এ লক্ষ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের দ্রুত প্রস্তাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আফরোজা খানম বলেন, পর্যটকদের জীবনের নিরাপত্তা নিশ্চিতকরণে নীতিমালার সংশোধন অত্যন্ত জরুরি। তা ছাড়া কক্সবাজার ও পটুয়াখালী সমুদ্রসৈকতে পর্যটকদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে হেলথ সেন্টার স্থাপনের উদ্যোগ নিতে হবে আমাদের।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত টুরিস্ট পুলিশের সদস্যসংখ্যা বৃদ্ধিতে উদ্যোগ নেওয়া হবে। একইসঙ্গে লাইফগার্ড সার্ভিস প্রদানকারী কর্মীর সংখ্যা বৃদ্ধি করতে হবে। লাইফগার্ড সার্ভিস প্রদান অব্যাহত রাখার স্বার্থে আপাতত সিএসআর ফান্ড সংগ্রহ করা হবে। ভবিষ্যতের কথা বিবেচনায় রেখে স্থায়ী অবকাঠামো নির্মাণ করবো আমরা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসি, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এর চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

 

সারাবাংলা/এমএমএইচ/ এএ