Saturday 16 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী, যোগ দেবেন পথসভা ও জনসমাবেশে

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৬ ১০:৩৮ | আপডেট: ১৬ মে ২০২৬ ১০:৪১

চাঁদপুরের পথে সফরসঙ্গীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম সরকারি সফরে চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। শনিবার (১৬ মে) সকাল পৌনে ৯টায় গুলশানের বাসভবন থেকে সড়কপথে তার গাড়িবহর যাত্রা শুরু করে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বর্তমানে গাড়িবহর নিয়ে চাঁদপুরের পথে রয়েছেন। চাঁদপুরে প্রবেশের আগে বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে এক পথসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা যায়, দিনব্যাপী এই সফরে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। কর্মসূচির মধ্যে রয়েছে বেলা সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের উয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন। এরপর দুপুর ১টা ৪৫ মিনিটে সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাটসংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। এরপর প্রধানমন্ত্রী সার্কিট হাউজে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

সফরের শেষভাগে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন। বিকেল ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে একটি বিশাল জনসমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ করবেন।

এরপর বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে স্থানীয় বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। দিনব্যাপী এসব কর্মসূচি শেষ করে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের এটিই প্রথম চাঁদপুর সফর।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর