Monday 18 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক জাদুঘর দিবস

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৬ ১০:১১

রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর, ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মেলাত বাংলাদেশও আজ সোমবার (১৮ মে) ২০২৬ সোমবার যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক জাদুঘর দিবস পালন করছে।

জাদুঘর বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং এর গুরুত্ব ও অবদান তুলে ধরতে ১৯৭৭ সাল থেকে ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়াম (আইকম) আহ্বানে বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয়ে আসছে। এবারের আন্তর্জাতিক জাদুঘর দিবসের মূল প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘বিভক্ত বিশ্বকে একত্র করছে জাদুঘর’।

বর্তমান সময়ে সারাবিশ্ব যে সামাজিক, পরিবেশগত ও প্রযুক্তিগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, সেই পরিস্থিতিতে কীভাবে জাদুঘরগুলো নিজেদের মধ্যে পারস্পরিক সেতুবন্ধন তৈরিতে ভূমিকা রাখতে পারে, এবারের প্রতিপাদ্যে মূলত সেই বিষয়গুলোকেই বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। মানুষের প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের সংরক্ষণ, ঐতিহাসিক নিদর্শনগুলোর প্রদর্শন এবং ছাত্র, শিক্ষক ও গবেষকদের জ্ঞানের পরিধি সম্প্রসারণ করাই এই বিশেষ দিবসটি উদযাপনের প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করা হয়।

বিজ্ঞাপন

বাংলাপিডিয়া এবং প্রত্নতত্ত্ব অধিদফতরের তথ্য অনুসারে, এই বাংলা তথা ভারতীয় উপমহাদেশে জাদুঘরের প্রাতিষ্ঠানিক ধারণাটি প্রথম আসে ব্রিটিশদের হাত ধরে ১৭৯৬ সালে। বর্তমানে বাংলাদেশে ছোট-বড় মিলিয়ে প্রায় ১০৩টি জাদুঘর রয়েছে, যার মধ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘরই দেশের প্রধান জাদুঘর হিসেবে সর্বস্তরে বিবেচিত। এই সমস্ত জাদুঘরগুলোর সার্বিক কার্যক্রম মূলত প্রত্নতত্ত্ব অধিদফতর, বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার অধীনে সরাসরি পরিচালিত হয়ে আসছে।

আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষ্যে আজ দিনব্যাপী নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকালে বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে একটি বিশেষ আনন্দ শোভাযাত্রা বা র‍্যালি বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জাতীয় জাদুঘরে এসে শেষ হয়। এরপর বেলা ১১টায় জাদুঘরের ঐতিহ্যবাহী নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে একটি বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করা হয় এবং বেলা সাড়ে ১১টায় শুরু হয় মূল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এর পাশাপাশি দিবসটি উদযাপন উপলক্ষ্যে সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কেন্দ্রেও একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

আন্তর্জাতিক জাদুঘর দিবস উদযাপনের সার্বিক তাৎপর্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে চাওয়া হলে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কিপার আসমা ফেরদৌসি বলেন, সাধারণ মানুষের মাঝে আমাদের নিজস্ব সংস্কৃতি এবং গৌরবময় ইতিহাসের প্রতি আগ্রহ ও সচেতনতা বাড়ানোর লক্ষ্য নিয়েই প্রতি বছর এই বিশেষ দিনটি উদযাপন করা হয়। তিনি আরও বলেন, বর্তমান যুগে জাদুঘরের পরিধি শুধু পুরোনো জিনিসপত্র প্রদর্শন ও সংরক্ষণের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং আধুনিক বিশ্বব্যবস্থায় জাদুঘরগুলোর কর্মপরিধি দিন দিন আরও অনেক বেশি প্রসারিত ও গতিশীল হচ্ছে।

 

সারাবাংলা/এফএন/ এএ