ঢাকা: টানা দুইদিন বৃষ্টি হওয়ার পরও রাজধানী ঢাকার বায়ুদূষণ পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের বৈশ্বিক বায়ুমান সূচকে মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টার আপডেটে বিশ্বের দূষিত শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান পঞ্চম।
প্রকাশিত চিত্র অনুযায়ী, ঢাকার বাতাসের মান বা একিউআই স্কোর ১৪৮ রেকর্ড করা হয়েছে, যা সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। এই তালিকায় ৪০৮ স্কোর নিয়ে দূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এরপরেই ২০৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি, ১৬৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে উগান্ডার কাম্পালা এবং ১৫৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু।
সাধারণত এপ্রিল মাসের পর বৃষ্টি শুরু হলে ঢাকার বাতাসের মান দ্রুত উন্নত হতে থাকে। তবে মে মাস চলে এলেও এবার বাতাসের মানের আশানুরূপ পরিবর্তন দেখা যাচ্ছে না। সোমবার রাজধানীতে ১৬ মিলিমিটার বৃষ্টি হওয়ায় গরম কিছুটা কমলেও বায়ুদূষণ কমেনি।
আজ সকালের তথ্য অনুযায়ী, ঢাকার বিভিন্ন এলাকার মধ্যে পুরান ঢাকার বেচারাম দেউড়ীর বায়ুমান ২০৮ রেকর্ড করা হয়েছে, যা মানবদেহের জন্য খুব অস্বাস্থ্যকর। এর বাইরে উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ, গুলশান লেক পার্ক, আগারগাঁও, বারিধারা পার্ক রোড, বারিধারা লেক সাইড, গুলশানের বে’জ এইজ ওয়াটার এবং দক্ষিণ পল্লবী এলাকার বাতাসও বেশ খারাপ অবস্থায় রয়েছে। বাতাসের এই তীব্র দূষণ থেকে রক্ষা পেতে নাগরিকদের জন্য বিশেষ পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। একইসঙ্গে ঘরের বাইরে গিয়ে ভারী ব্যায়াম বা শারীরিক কসরত না করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া দূষিত বাতাস যাতে ঘরের ভেতরে প্রবেশ করতে না পারে, সে জন্য বাড়ির জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে আইকিউএয়ার।