ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩৩৭ শিশু।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ১১ শিশুর মধ্যে নিশ্চিত হামে ২ এবং সন্দেহজনক হামে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৩৩৭ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৭৩ শিশু এবং সন্দেহজনক হামে ১২৬৪ শিশু শনাক্ত হয়েছে।
এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ৫৬ হাজার ৫৮৬ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ৭৯২৯ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩ হাজার ৯৮৩ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ৪০ হাজার ৯০ রোগী।
এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ৪৭৫ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ৩৯৮ জন এবং নিশ্চিত হামে ৭৭ জনের মৃত্যু হয়েছে।
দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।