ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের নিরাপত্তা ও নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে জোরদার করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
রোববার (২৪ মে) গাবতলী বাস টার্মিনালে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ তৎপরতা ও বাড়তি নজরদারি।
ঈদযাত্রাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গাবতলী টার্মিনাল ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
এদিকে, আজ সকাল সাড়ে ১১টার পর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ।
তিনি বলেন, ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে বাস টার্মিনালসহ, লঞ্চঘাট ও রেলস্টেশন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি, ছিনতাই ও যাত্রী হয়রানি ঠেকাতে বাস টার্মিনালগুলোতে র্যাব তৎপর রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দিয়েছেন তিনি।
এদিকে, দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৮ মে। এ উপলক্ষ্যে শুরু হয়েছে ঈদ উদযাপনের প্রস্তুতি। আগামীকাল (২৫ মে) থেকে সাতদিনের সরকারি ছুটি শুরু হলেও পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে এরই মধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ।