Thursday 28 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীকে ঈদ শুভেচ্ছা বার্তায় মোদি
২ দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৬ ১৩:১৯ | আপডেট: ২৮ মে ২০২৬ ১৩:২৮

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী – সংগৃহীত কোলাজ ছবি

ঢাকা: ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক গভীর ঐতিহাসিক বন্ধনের ওপর প্রতিষ্ঠিত। দুই দেশের মধ্যে রয়েছে অভিন্ন ত্যাগ, সাংস্কৃতিক মিল এবং শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের যৌথ আকাঙ্ক্ষা। তিনি বলেন, ঈদ আত্মত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। তিনি আরও বলেন, এই মূল্যবোধ শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়, ভারত সরকার বাংলাদেশের সঙ্গে জনগণকেন্দ্রিক সহযোগিতা আরও শক্তিশালী করতে আগ্রহী। বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়েও তিনি আশাবাদ প্রকাশ করেন।

তিনি বলেন, দুই দেশের জাতীয় উন্নয়ন লক্ষ্যের প্রতিফলন একটি যৌথ দৃষ্টিভঙ্গির অংশ, যা উভয় দেশের জনগণের কল্যাণে কাজ করবে। ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানান তিনি। সবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন নরেন্দ্র মোদী।