ঢাকা: বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগে শ্রদ্ধা নিবেদন করেন তার শ্বশুরেরর কবরে।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে বনানী সামরিক কবরস্থানে পৌঁছে প্রথমে শ্বশুর ও নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবরে শ্রদ্ধা জানান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী জুবাইদা রহমান। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।
এর পর প্রধানমন্ত্রী ও জুবাইদা রহমান বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর প্রাঙ্গণে যান। সেখানে স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে তারা নিহতদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দফতরে বিদ্রোহের ঘটনা ঘটে। সেই ঘটনায় সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনাকর্মকর্তা প্রাণ হারান। মোট ৭৪ জন নিহত হওয়ার সেই ঘটনায় অধিকাংশ সেনা কর্মকর্তাকে বনানী সামরিক কবরস্থানে সমাহিত করা হয়েছিল।