ঢাকা: জাতীয় সংসদে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে না পারায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহামুদকে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
রোববার (৭ জুন) বিকেলে সংসদ অধিবেশনে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ নিয়ে এক প্রশ্নের জবাবে স্পিকার এই পরামর্শ দেন।
অধিবেশনে সংসদ সদস্য রুমিন ফারহানা মন্ত্রীর আগের প্রতিশ্রুতির কথা তুলে ধরে বলেন, ‘গত পহেলা মে তারিখে আশুগঞ্জ ফার্টিলাইজার কারখানায় গ্যাস সংযোগ দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো গ্যাস সরবরাহ পাওয়া যায়নি।’
জবাবে মন্ত্রী ইকবাল হাসান মাহামুদ গ্যাসের সীমাবদ্ধতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘বর্তমানে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। গত ১৭ বছরে কোনো খনন কাজ করা হয়নি। সরকার বর্তমানে ড্রিলিং কার্যক্রম শুরু করেছে এবং গ্যাস পাওয়ার পর পর্যায়ক্রমে কারখানায় সংযোগ দেওয়া সম্ভব হবে।’
মন্ত্রীর বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে আগের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ‘সংসদে যে প্রতিশ্রুতি দেওয়া হয়, তা বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট সকল বিষয় ভালোভাবে পর্যালোচনা করে নেওয়া উচিত।’ ভবিষ্যতে সংসদে যেকোনো বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে মন্ত্রীদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন স্পিকার।