ঢাকা: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বিশ্বকাপ খেলা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও সময় টেলিভিশনসহ কয়েকটি প্ল্যাটফর্ম।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে পিআইডির সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, অতীতের ১০০ কোটি টাকার লুটপাট আর এবারের প্রথম দাবিকৃত ২০০কোটি টাকার লোভনীয় ফাঁদ এড়িয়ে, আমরা ফিফার সঙ্গে অত্যন্ত সাশ্রয়ী এবং যৌক্তিক মূল্যে চুক্তি সইয়ের আহবান জানাই। অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় এবং নীতিমালার আলোকে প্রায় ৪৭ কোটি টাকা ব্যয়ে বিশ্বকাপ সম্প্রচারে ফিফার সঙ্গে চুক্তি করা হয়েছে। তিনি বলেন, জনগণের জন্য আনন্দের বিষয় হলো এই টাকা বিটিভিকে পরিশোধ করতে হবে না। আমরা টেলকো, স্যাটেলাইন চ্যানেল এবং ওটিটি প্লাটফর্মের কাছে নীতিমালা অনুযায়ী বিজ্ঞাপন ও রাইটস বিক্রি করে প্রায় সকল টাকা উঠিয়ে আনতে সক্ষম হয়েছি। নামমাত্র খরচে বিটিভি খেলা দেখাবে।
এর আগে এক বার্তায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, কোনো পাবলিক মানি খরচ ছাড়াই বাংলাদেশে বিশ্বকাপের সব ম্যাচ সম্প্রচার করা হবে। বার্তায় তিনি বলেন, আনন্দের সঙ্গে দেশবাসীকে জানাচ্ছি যে, বিটিভি অন্য কিছু অংশীদারকে সঙ্গে নিয়ে বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করবে। চীন সরকারের আমন্ত্রণে মন্ত্রী দেশের বাইরে আছেন জানিয়ে তিনি বলেন, এই আনন্দঘন মুহূর্তে এ প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত সব গণমাধ্যমসহ আমাদের মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের ধন্যবাদ জানাই।
মন্ত্রী বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় আমরা এই সফলতা অর্জন করেছি। আশা করি কোনো পাবলিক মানি খরচ না করেই আমরা বিশ্বকাপের সকল খেলা সম্প্রচার করতে পারব।
তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান আরও বলেন, বিগত সরকারের সময়ের চেয়ে এই খরচ শুধু কমই নয়, বরং এটি প্রমাণ করে নিয়ত যদি পরিষ্কার থাকে তাহলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সততা দিয়ে দেশের টাকা বাঁচিয়েও জনগণকে পৃথিবীর সেরা সেবা দেওয়া সম্ভব।
তিনি বলেন, আমাদের ওপর আস্থা রাখুন। আমরা শহীদ জিয়ার দল। আমরা তারেক রহমানের দল। আমরা পকেট কাটতে আসিনি। আমরা জনগণের অধিকার ফিরিয়ে দিতে এসেছি।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন শুরু হবে ২০২৬ ফিফা বিশ্বকাপ। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে হতে যাওয়া এই আসরে ম্যাচের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১০৪টি। ফলে এবারের বিশ্বকাপ আগের যে কোনো আসরের চেয়ে বড় পরিসরে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের দর্শকদের জন্য টিভিতে খেলা দেখা সবসময়ই বড় বিষয়। বিশেষ করে যারা মোবাইল বা অনলাইন প্ল্যাটফর্মে খেলা দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তাদের জন্য বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে বিশ্বকাপ সম্প্রচার বড় স্বস্তির খবর।
এবারের বিশ্বকাপ চলবে ১৯ জুলাই পর্যন্ত। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। এরপর একে একে শুরু হবে গ্রুপ পর্বের লড়াই। বড় দলগুলোর ম্যাচ ঘিরে বাংলাদেশেও থাকবে বাড়তি আগ্রহ।
সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।