Wednesday 10 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেয়ারবাজার কেলেঙ্কারিতে ১৪৯৬ কোটি টাকা জরিমানা: অর্থমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৬ ০৮:৪৩

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

ঢাকা: শেয়ারবাজারে অনিয়ম, কারসাজি ও বিতর্কিত লেনদেনের ঘটনায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ১ হাজার ৪৯৬ কোটি ৬৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (৯ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের বৈঠকে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর পুনর্গঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ১২টি আলোচিত বিষয়ে অনুসন্ধান ও তদন্ত চালিয়েছে। এসব তদন্তের ভিত্তিতে সাবেক বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, সাবেক কমিশনার শামসুদ্দিন আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, কয়েকটি শিল্পগোষ্ঠী ও আর্থিক প্রতিষ্ঠানের কয়েকজন শীর্ষ কর্মকর্তাসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সংসদ সদস্য সেলিম রেজা বিগত সরকারের আমলে পুঁজিবাজার কেলেঙ্কারিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা এবং শক্তিশালী পুঁজিবাজার গঠনে বর্তমান সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে ধ্বংসপ্রাপ্ত পুঁজিবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন কমিশন পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের অনুসন্ধান ও তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটি মোট ১২টি গুরুত্বপূর্ণ বিষয়ে নিবিড় অনুসন্ধান চালিয়ে ইতিমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে এবং তদন্ত প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতেই বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ, বিপুল অঙ্কের জরিমানা আদায় এবং বিভিন্ন গুরুতর অভিযোগ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।