ঢাকা: পবিত্র হজ পালন শেষে মোট ১৩৮ টি ফ্লাইটে, সর্বমোট ৫৭ হাজার ৪২২ জন হাজি দেশে ফিরেছেন। আর এখন পর্যন্ত মোট ৫২ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের “হজ বুলেটিনের” তথ্য সূত্রে এসব জানা গেছে।
হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, এ বছর দেশে ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৪,৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৫৩,১০৯ জন হাজি।
হাজিদের ফিরিয়ে আনতে এখন পর্যন্ত সর্বমোট ১৩৮ টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৭ টি ফ্লাইটে ২৪,৪৯৯ জন, সৌদি এয়ারলাইন্স ৫০টি ফ্লাইটে ১৯,৮২৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১ টি ফ্লাইটে ৮,৩৮০ জন হাজি পরিবহন করেছে। এছাড়া অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে আরও ৪,৭১৬ জন হাজি সৌদি আরব ত্যাগ করেছেন।
হজযাত্রীদের সুবিধার্থে সৌদি আরবে সার্বক্ষণিক আইটি এবং চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে। সৌদি আরবের বাংলাদেশ চিকিৎসা কেন্দ্র হতে এ পর্যন্ত ৬৪,৭৫১ টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র এবং আইটি হেল্পডেস্ক থেকে ২৭,৯২০ টি সেবা দেওয়া হয়েছে।
এদিকে, চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত মোট ৫২ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃত ৫২ জনের মধ্যে ৩৫ জন পুরুষ এবং ১৭ জন মহিলা। এর মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় ১ জন হাজি মৃত্যুবরণ করেছেন। মিনা, আরাফা বা মুজদালিফায় কোনো হাজির মৃত্যুর খবর পাওয়া যায়নি। নিয়মানুযায়ী তাদের সৌদি আরবেই দাফন করা হয়েছে।
চলতি বছর গত ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এবারের হজের ফ্লাইট ১৮ এপ্রিল শুরু হয়ে ২১ মে শেষ হয়েছিল। পবিত্র হজ পালন শেষে এখন দেশে ফেরার পালা। ৩০ মে থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।