Saturday 20 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ বছরের ভোটার ফরম ৩০ জুনের মধ্যে আপলোডের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৬ ২২:৩০

জাতীয় সংসদ নির্বাচন। ফাইল ছবি

ঢাকা: ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত মোট পাঁচ পঞ্জিকা বছরের ভোটার নিবন্ধন ফরম (ফরম-২) দ্রুত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারে আপলোডের জন্য মাঠ কর্মকর্তাদের জরুরি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২০ জুন) এনআইডি শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। এরই মধ্যে ইসি সচিব আখতার আহমেদও এনআইডি মহাপরিচালককে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন।

এতে বলা হয়েছে, ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত (পাঁচ বছর) ভোটার তথ্য ফরম (ফরম-২) মাঠ কার্যালয়ে স্ক্যান ও আপলোড কার্যক্রম ৩০ জুন ২০২৬ এর মধ্যে সম্পন্ন করতে হবে।

সেই সঙ্গে আরও জানা গেছে, প্রয়োজনে আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসাররা স্থানীয় চাহিদার পরিপ্রেক্ষিতে নিজ অধিক্ষেত্রের মধ্যে অপারেটর ও স্ক্যানার মেশিন সমন্বয় করে কার্যক্রম সম্পন্ন করবেন। কেননা, এই ফরমটিই ভোটার হওয়ার জন্য ব্যক্তি নিজে পূরণ করে থাকেন। তাই পরে সংশোধনের জন্য কেউ এলে সহজেই যাচাই করা যায়।

বিজ্ঞাপন

মূলত এনআইডি সেবা আরও সহজ ও নির্ভুল করতেই ইসি এই পদক্ষেপ নিয়েছে, যা সফল হলে নাগরিকদের পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত ভোগান্তি অনেকটাই কমে আসবে।

সারাবাংলা/এনএল/পিটিএম