ঢাকা: মাল্টা-খেজুরসহ আমদানিনির্ভর ফলের সরবরাহ বাড়িয়ে বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে আমদানিকারকদের দ্রুত ঋণপত্র (এলসি) খুলে আমদানি বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে খেজুর আমদানির শুল্ক-কর সংক্রান্ত সিদ্ধান্ত চলতি সপ্তাহেই জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (৩ অক্টোবর) সচিবালয়ে ফলের সরবরাহ ও বাজারমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় মাল্টার বর্তমান বাজারদাম নিয়ে অসন্তোষ প্রকাশ করে বাণিজ্যমন্ত্রী বলেন, আমদানি মূল্য, শুল্ক-কর ও অন্যান্য ব্যয় বিবেচনার পরও প্রতি কেজি মাল্টার দাম ৫২০ টাকা হওয়ার বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। অস্বাভাবিক দামে বিক্রির প্রমাণ পাওয়া গেলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
ব্যবসায়ীরা জানান, সরবরাহ ঘাটতি, উচ্চ শুল্ক, পরিবহন ও বন্দর ব্যয় এবং আগের চালানে লোকসানের কারণে মাল্টা আমদানি কমেছে। এর পরিপ্রেক্ষিতে বিকল্প উৎস থেকে আমদানি বাড়ানো এবং দ্রুত এলসি খুলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাজারে সরবরাহ বাড়ানোর তাগিদ দেন মন্ত্রী।
এদিকে আসন্ন চাহিদা বিবেচনায় ব্যবসায়ীদের এখন থেকেই খেজুর আমদানির প্রস্তুতি নিতে বলেছেন তিনি। খেজুরের অ্যাসেসমেন্ট ভ্যালু নির্ধারণের জটিলতা নিরসনে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন আমদানিকারকদের সঙ্গে বৈঠক করবে। আন্তর্জাতিক বাজারদর ও উৎসমূল্য বিবেচনায় যৌক্তিক শুল্কায়ন মূল্য নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে।