ঢাকা: দেশে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) আশঙ্কাজনক হারে বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে লিখিত প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ও অতিরিক্ত ব্যবহার এবং মানব ও প্রাণী চিকিৎসায় এর অনিয়ন্ত্রিত প্রয়োগের ফলে জনস্বাস্থ্যের ওপর বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে।’ এই পরিস্থিতি চিকিৎসা ব্যবস্থাকে আরও জটিল করে তুলছে বলেও তিনি উল্লেখ করেন।’
সরকার এ সংকট মোকাবিলায় বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও ‘ওয়ান হেলথ’ পদ্ধতির মাধ্যমে মানব, প্রাণী ও পরিবেশ খাতে সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালগুলোতে আধুনিক মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি স্থাপনসহ সক্ষমতা বাড়ানোর কাজ চলমান রয়েছে। জীবাণু শনাক্তকরণ ও অ্যান্টিমাইক্রোবিয়াল সংবেদনশীলতা পরীক্ষা নিশ্চিত করতে উন্নত যন্ত্রপাতি ও প্রশিক্ষিত জনবল তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।’
সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছা ব্যবহার রোধে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।