Wednesday 04 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাদককারবারির তালিকা করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪৪

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঢাকা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম নিয়ে আয়োজিত বিশেষ মতবিনিময় সভা।

ঢাকা: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘মাদক যদি এখনই রোধ করতে না পারি, একসময় এই সমাজ ভেঙে যাবে এবং অসুস্থ মানুষের বসবাসে পরিণত হবে।’ মাদক নির্মূলে প্রতিটি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে টিম গঠনের নির্দেশ দিয়ে এ কথা বলেন তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঢাকা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম নিয়ে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশ দেন। একইসঙ্গে মাদককারবারিদের সুনির্দিষ্ট তালিকা তৈরির তাগিদ দিয়ে তিনি জানান, তালিকা অনুযায়ী পরবর্তীতে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে সবচেয়ে বড়ো সমস্যা হয়ে দাঁড়িয়েছে কিশোর গ্যাংয়ের উৎপাত, যারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে অপরাধমূলক বিচরণ চালাচ্ছে। মাদক ও কিশোর অপরাধ এখনই রোধ করা না গেলে ভবিষ্যৎ সমাজব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়বে। সবার প্রথম ও প্রধান লক্ষ্য হওয়া উচিত যেকোনো মূল্যে মাদক নির্মূল করা।’

এ ছাড়া ঢাকার যানজট পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি ব্যাটারিচালিত অটোরিকশা দ্রুত নিয়ন্ত্রণের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘অটোরিকশা অনিয়ন্ত্রিত হয়ে পড়ার আগেই এগুলোকে সঠিক নিয়ম ও লাইসেন্সের আওতায় আনতে হবে।’ আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নের পাশাপাশি গতিশীল উন্নয়ন কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘সবাই সম্মিলিতভাবে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি যাবতীয় উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব।’ কোনো উন্নয়ন কাজে ধীরগতি দেখা দিলে তা প্রধানমন্ত্রীকে অবহিত করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ সভায় উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ তমিজ উদ্দিন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নিপুণ রায়চৌধুরী ও ফেরদৌসী আহমেদ। এ ছাড়া ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুর রাফিউল আলমসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জেলা পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও সভায় অংশ নেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর