Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে বিদায় জানালেন পররাষ্ট্র সচিব

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫৯

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে এক বিদায়ী মধ্যাহ্নভোজের মাধ্যমে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক ফেসবুক পোস্টে এই তথ্য জানায়।

পররাষ্ট্র সচিব সিয়াম বাংলাদেশে প্রায় ৪ বছরের মেয়াদে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করতে সক্রিয় সহযোগিতা ও মূল্যবান অবদানের জন্য রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

গত জুন ২০২৬-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের কথা উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, এই সফর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক ছিল। এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক ‘নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভাগ্যের অংশীদারিত্বে’ উন্নীত হয়েছে। সফরটি সফল করতে এবং যৌথ ইশতেহার জারিতে চীনের সহযোগিতার প্রশংসাও করেন তিনি।

পররাষ্ট্র সচিব সিয়াম দুই দেশের চলমান সহযোগিতার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র তুলে ধরেন, যার মধ্যে রয়েছে- তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্প এবং নদী ব্যবস্থাপনায় ব্যাপক সহযোগিতা। চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর। বাংলাদেশে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন প্রতিষ্ঠা।

তিনি বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ (কানেক্টিভিটি), অবকাঠামো এবং অর্থনৈতিক উন্নয়নে এই দ্বিপাক্ষিক সহযোগিতার গতি বজায় রাখা এবং তা আরও সম্প্রসারণের ওপর জোর দেন। বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তাকে সম্মানিত করার জন্য পররাষ্ট্র সচিবকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশে তার প্রায় চার বছরের মেয়াদকে অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় বলে অভিহিত করেন।

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর এবং দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন উচ্চতায় পৌঁছানোর কথা স্মরণ করেন। পাশাপাশি, বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের কার্যক্রম সহজতর করার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প, পদ্মা ব্যারাজ প্রকল্প এবং প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরের কাজ দ্রুত শুরু হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। বহুপাক্ষিক ফোরামগুলোতে বাংলাদেশের প্রতি চীনের ধারাবাহিক সমর্থন পুনর্ব্যক্ত করার পাশাপাশি, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের সহায়তায় চীনের পক্ষ থেকে ৮ লাখ মার্কিন ডলার অনুদান প্রদানের কথা উল্লেখ করেন বিদায়ী রাষ্ট্রদূত।

উভয় পক্ষই দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করেন, আগামী দিনগুলোতে বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও ঘনিষ্ঠ সহযোগিতা আরও গভীর ও সুদূরপ্রসারী হবে। মধ্যাহ্নভোজ শেষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পারস্পরিক উপহার বিনিময় করেন। চীনা রাষ্ট্রদূতের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও শুভকামনা জানান পররাষ্ট্র সচিব।

বিজ্ঞাপন

সাপের কামড়ে ওঝার ছেলের মৃত্য
১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫৭

তেজগাঁও কলেজে গোপন বৈঠক, আটক ২৩
১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫১

আরো

সম্পর্কিত খবর