Monday 26 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তুরস্কে পাট ও পাটজাত পণ্যের প্রদর্শনীতে অংশ নেবে বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৬ ১৭:৩০

ঢাকা: বাংলাদেশের ঐতিহ্যবাহী পাট ও পাটজাত পণ্য আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে তুরস্কে প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ-৩১) উপলক্ষ্যে বাংলাদেশের পাটজাত পণ্যের বিশেষ প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এর মাধ্যমে পরিবেশবান্ধব পণ্য হিসেবে পাটের ব্যবহার বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পাটশিল্পের বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে পাটজাত পণ্য প্রদর্শনের বিষয়টি নিয়ে কাজ চলছে।

বিজ্ঞাপন

সম্মেলনস্থলে বাংলাদেশের প্যাভিলিয়নে পাটের তৈরি বিভিন্ন পণ্য, সংশ্লিষ্ট প্রযুক্তি ও এসব পণ্যের বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরার পরিকল্পনা রয়েছে। তুরস্কে পাটপণ্যের প্রদর্শনীর ডিসপ্লে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্থাপন করা হয়েছে।

পাটের তৈরি ব্যাগ, ঘর সাজানোর সামগ্রী ও হস্তশিল্পসহ বহুমুখী পণ্য আন্তর্জাতিক ক্রেতা, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের সামনে তুলে ধরার সুযোগ তৈরি হবে এ উদ্যোগের মাধ্যমে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিশ্বজুড়ে পরিবেশদূষণ কমানো এবং প্লাস্টিকের বিকল্প ব্যবহারে সচেতনতা বাড়ায় পাটজাত পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের সুযোগ রয়েছে।

পাট প্রাকৃতিক, নবায়নযোগ্য ও জীবাণুবিয়োজ্য আঁশ হওয়ায় পরিবেশবান্ধব উৎপাদন ও ভোগের ক্ষেত্রে এর ব্যবহার গুরুত্বপূর্ণ।
গত ১৫ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে কপ-৩১-এর প্রস্তুতি নিয়ে জলবায়ু বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের পাটশিল্পের সম্ভাবনা তুলে ধরেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৈঠকে পাটকে প্লাস্টিকের পরিবেশবান্ধব বিকল্প হিসেবে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশের পাটশিল্পের বহুমুখী ব্যবহার, নতুন বাজার অনুসন্ধান এবং বিদেশি ক্রেতাদের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে পরিবেশবান্ধব পণ্য উৎপাদন ও রফতানির মাধ্যমে দেশের ঐতিহ্যবাহী ‘সোনালি আঁশ’ খাতকে আন্তর্জাতিক পরিসরে নতুনভাবে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর