Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সরকারি প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান স্পিকারের

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৬ ১৭:১৩ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬ ১৭:৩৭

ঢাকা: সরকারের উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা আইনপ্রণেতাদের (সংসদ সদস্য) সাংবিধানিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ একটি অত্যন্ত কার্যকর সংসদ, যেখানে বিভিন্ন পেশার স্বনামধন্য ও দক্ষ ব্যক্তিরা জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়ে এসেছেন। তাই আইন প্রণয়নের পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সংসদীয় তদারকি আরও জোরদার করতে হবে।’

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের শপথ কক্ষে আয়োজিত এক ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ইউএনডিপি কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস)’ প্রকল্পের আওতায় ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ উল্লেখ করেন, বর্তমানে সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি বাড়ার সাথে সাথে এর কারিগরি ও বাস্তবায়ন সংক্রান্ত জটিলতাও বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে একজন জনপ্রতিনিধি হিসেবে সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং পাবলিক প্রকিউরমেন্ট প্রক্রিয়ায় সম্পৃক্ত থেকে সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের অন্যতম প্রধান দায়িত্ব। তিনি মনে করেন, এই ওরিয়েন্টেশন কর্মশালা থেকে প্রাপ্ত জ্ঞান দেশে সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।

সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম এবং সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কাজের সাথে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সামঞ্জস্য খুঁজে বের করার ওপর জোর দেন স্পিকার। তিনি বলেন, ‘সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি প্রকল্পগুলো সঠিক সময়ে এবং গুণগত মান বজায় রেখে বাস্তবায়ন করতে হবে।’

এ সময় তিনি বিগত সরকারের সমালোচনা করে বলেন, ‘আওয়ামী লীগ গত ১৫ বছর প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করেছে এবং ভোট জালিয়াতি, অর্থপাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করেছে।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩ জন অনির্বাচিতভাবে সংসদ সদস্য হয়েছিলেন। দীর্ঘ ১১ বছর পর জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সংসদে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা ও জবাবদিহি অনেক বেড়েছে। ২০১৫ সালে এসডিজি লক্ষ্যমাত্রা গৃহীত হলেও তৎকালীন অনির্বাচিত সংসদ সদস্যরা এর বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিত করতে পারেননি।’ তবে বর্তমান নির্বাচিত সংসদের জনপ্রতিনিধিরা তা সফলভাবে বাস্তবায়ন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান বলেন, ‘২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দেশ যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, তা সফল করতে হলে একটি টেকসই উন্নয়ন পরিবেশ নিশ্চিত করা জরুরি। এক্ষেত্রে সংসদ সদস্যদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি, সক্ষমতা এবং কর্মবাস্তবায়নে স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ইউএনডিপির সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজার ড্রাগান পপোভিচ।

বক্তব্য শেষে স্পিকার সংসদের উন্নয়ন প্রকল্পে নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য ইউএনডিপিকে ধন্যবাদ জানান এবং কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

ওরিয়েন্টেশন প্রোগ্রামে মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের হুইপগণ, সংসদ সদস্য, ইউএনডিপির প্রতিনিধি এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর