Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘টুঙ্গিপাড়া থানায় হামলাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৬ ২২:২৫

জাতীয় সংসদ অধিবেশনে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

ঢাকা: মাইকে ঘোষণা দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় আক্রমণকারী ও নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রত্যেককে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া এক বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

অধিবেশনে টুঙ্গিপাড়া থানার সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুষ্কৃতিকারীরা যদি মনে করে থাকে যে, তাদের ভিডিও রেকর্ড ও সিসিটিভি ফুটেজ আমাদের কাছে সুরক্ষিত নেই, তবে তারা সম্পূর্ণ ভুল করবেন। যারা সুপরিকল্পিতভাবে থানায় হামলা চালিয়েছে, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ করেছে এবং দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে, তাদের প্রত্যেককে নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হবে। আজ অথবা কাল- যেকোনো মূল্যে এসব দুষ্কৃতিকারীকে চিহ্নিত করে আইনের সুনির্দিষ্ট হেফাজতে নেওয়া হবে এবং তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না ।’

বিজ্ঞাপন

গোপালগঞ্জের সাধারণ জনগণের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের গণতান্ত্রিক শক্তির পক্ষে থাকুন। কিছু সংখ্যক দুষ্কৃতিকারী এবং সীমান্তের ওপার থেকে যারা বিভিন্নভাবে উসকানি দিচ্ছে, তাদের পাতা কোনো ফাঁদে পা দেবেন না।’

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এগুলো হলো তাদের সুনির্দিষ্ট আওয়ামী চরিত্র। এই চরিত্রের মধ্যে কোনো সভ্যতা নেই, ভব্যতা নেই, ভদ্রতা নেই এবং কোনো গণতান্ত্রিক মানসিকতাও নেই। তাদের রাজনৈতিক চরিত্রে কেবল রয়েছে স্বৈরাচার ও ফ্যাসিবাদী আচরণ। এ ধরনের নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে তারা বারবার প্রমাণ করে চলেছে যে এই বাংলাদেশের রাজনীতিতে তারা সম্পূর্ণ অপাংক্তেয়।’

যুক্তরাজ্যে অবস্থানরত বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর হামলার চেষ্টার তীব্র নিন্দা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘সেখানে আওয়ামী ফ্যাসিবাদী শক্তির কিছু কুচক্রী সন্ত্রাসী তার ওপর হামলার অপচেষ্টা চালিয়েছে। আমরা সংসদ থেকে এই ঘটনার গভীর নিন্দা জানাচ্ছি এবং সেই দেশের যথাযথ প্রক্রিয়ায় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের দেশের দূতাবাস এবং যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জোরালো অনুরোধ জানানো হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর