Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

আসনের জন্য কারও সঙ্গে সমঝোতা নয়: নাহিদ

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৫ ১৫:৫৫
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতা বা আসনের বিনিময়ে এনসিপি কোনো রাজনৈতিক সমঝোতায় যাবে না। দলীয় আদর্শ, নীতি ও নির্বাচনী ইশতেহারের সঙ্গে মিল থাকলেই কেবল আলোচনা সম্ভব— কিন্তু আসন বাণিজ্য বা ক্ষমতার ভাগাভাগির ভিত্তিতে নয়।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে শাহবাগের শহিদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ বক্তব্য দেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করছি। নিজস্ব রাজনীতি নিয়েই জনগণের কাছে যেতে চাই। অন্য কোনো দলের সঙ্গে আলোচনা হলেও তা হবে কেবল নীতি–আদর্শের ভিত্তিতে; ক্ষমতা বা আসনের জন্য নয়।’

বিজ্ঞাপন

তিনি জানান, একটি আসনও না পেলেও এনসিপি ঘোষিত নীতি ও আদর্শ থেকে সরে যাবে না। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতেও দলটি প্রতিশ্রুতিবদ্ধ।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সারাদেশ থেকে প্রায় দেড় হাজার সৎ, যোগ্য ও দক্ষ মনোনয়নপ্রত্যাশী আবেদন করেছেন। শুধু দলের নেতাকর্মী নয়— দেশগঠনের রাজনীতিতে যুক্ত হতে আগ্রহী সব নাগরিকের জন্যই এনসিপির দরজা খোলা ছিল বলেও উল্লেখ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থানের পর যুবক, পেশাজীবী ও নতুন প্রজন্মের মধ্যে যে নতুন রাজনৈতিক আগ্রহ তৈরি হয়েছে, এনসিপি সেই শক্তিকে কাজে লাগাতে চায়।’

তিনি জানান, প্রাথমিক যাচাই–বাছাই শেষ করে কেন্দ্রীয় সংসদীয় বোর্ড শিগগিরই ৩০০ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে।

বর্তমান নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড এখনো নিশ্চিত হয়নি। অতীতের মতো প্রশাসনিক প্রভাব, টাকার প্রভাব ও মাসেল পাওয়ারের আশঙ্কা এখনও রয়ে গেছে।’

তিনি আশা প্রকাশ করেন, এবারের নির্বাচন স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে এবং তরুণ, সৎ ও দেশপ্রেমিক নতুন প্রজন্ম সংসদে আসার সুযোগ পাবে।