Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

খালেদা জিয়ার আশু সুস্থতার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান শুক্রবার

‎স্টাফ করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ১০:৪২
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য আগামী শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুমা দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

একই সঙ্গে মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মের উপাসনালয়েও সংশ্লিষ্ট ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। দেশের সর্বস্তরের মানুষকেও নিজের অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করার অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে এভারকেয়ার হাসপাতালে যান। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ. জে. এম. জাহিদ হোসেন, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান এবং ছোট ভাই শামীম এসকান্দার প্রধান উপদেষ্টাকে রিসিভ করেন।

বেগম খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি মুক্তি পান। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গেছেন। ১১৭ দিন চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন।

এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সবশেষ ২৩ নভেম্বর সন্ধ্যায় তিনি হাসপাতালে ভর্তি হন। দলের স্থায়ী কমিটির সদস্য ও চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর