ঢাকা: জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জোটের পরিণতি কী হবে, তা নির্বাচনের পরই বোঝা যাবে। তবে নির্বাচন পর্যন্ত জোট বহাল থাকায় আধিপত্যবাদবিরোধী শক্তি হিসেবে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে জানান তিনি।
রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সাঈদনগর এলাকায় নির্বাচনি প্রচারকালে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম।
নির্বাচনে সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ না থাকার অভিযোগ তুলে তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেই তাদের প্রচারণা চালাতে হচ্ছে। তবে অল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন বলেও দাবি করেন তিনি।
১১ দলীয় জোট নিয়ে জনসাধারণের ইতিবাচক প্রতিক্রিয়ার কথা উল্লেখ করে নাহিদ বলেন, মানুষ এই জোটকে আলাদা আলাদা রাজনৈতিক দলের সমষ্টি হিসেবে দেখছে না; বরং একটি ঐক্যবদ্ধ ও বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবেই দেখছে।
তিনি আরও বলেন, যেহেতু নির্বাচন পর্যন্ত জোট কার্যকর রয়েছে, তাই আধিপত্যবাদবিরোধী অবস্থান থেকে সবাই একসঙ্গে কাজ করবে। জোটের ভবিষ্যৎ কী হবে, তা নির্বাচনের পর দেখা যাবে।
এ সময় ঢাকা-১১ আসনের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এলাকাটির অবকাঠামোগত দুরবস্থা ও দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।