ঢাকা: নিজের ও পরিবারের ব্যাংক হিসাব জনসমক্ষে প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন।
এনসিপির এ মুখপাত্র জানান, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের ১৬ মাসে তার মোট আয় ছিল ৮৫ লাখ ৮২ হাজার টাকা। এর মধ্যে ৭৬ লাখ ৩ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। বর্তমানে তার সোনালী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে জমা রয়েছে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা। সরকারে যোগ দেওয়ার আগে ওই হিসাবে ৫০ হাজার টাকা ছিল বলেও জানান তিনি।
আসিফ মাহমুদ বলেন, উপদেষ্টা থাকাকালে তার বেতন-ভাতা, পাঁচটি সরকারি বিদেশ সফরের টিএ-ডিএ এবং অন্যান্য সরকারি ভাতা একই অ্যাকাউন্টে জমা হয়েছে। বর্তমানে ওই অ্যাকাউন্টে ৯ হাজার ৯৩০ টাকা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে তিনি নিজের দুটি, বাবার পাঁচটি, মায়ের একটি এবং স্ত্রীর একটি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য উপস্থাপন করেন।
তিনি জানান, তার বাবার পাঁচটি অ্যাকাউন্টে বর্তমানে মোট ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা রয়েছে। তবে ১০ লাখ টাকার সার্ভিস লোনের মধ্যে এখনো ৬ লাখ ৩৯ হাজার ৭৪৬ টাকা পরিশোধ বাকি আছে। লোন সমন্বয়ের পরও ৮২ হাজার ৪৫ টাকা ঋণ অবশিষ্ট রয়েছে বলে জানান তিনি। এ ছাড়া মায়ের অ্যাকাউন্টে ২১ হাজার ১৫৪ টাকা এবং স্ত্রীর অ্যাকাউন্টে মাত্র ৬১৩ টাকা জমা রয়েছে।
অভিযোগ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, বিগত সময়ে যারা মনঃক্ষুণ্ন হয়েছেন এবং আওয়ামী লীগের যারা এখনো দেশে আছেন, তারাই এসব অভিযোগ তুলছেন।
তিনি দাবি করেন, সিটি করপোরেশন নির্বাচনে তার সম্ভাব্য প্রার্থিতা আলোচনায় আসার পর থেকেই এ ধরনের গুঞ্জন ছড়ানো হচ্ছে।
তিনি আরও বলেন, তার ব্যাংক হিসাব তলবের বিষয়ে আলাদা করে সংবাদ প্রকাশ একটি দলের হীনউদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টা। তাই জনমনে বিভ্রান্তি দূর করতে আগেই তিনি সব হিসাব প্রকাশ করেছেন।
এর আগে তার ব্যক্তিগত ব্যাংক হিসাবের তথ্য তলব করে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গত সোমবার (২ মার্চ) দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয় বলে জানা গেছে।