ঢাকা: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যহতি পেয়ে ছাত্রদল নেতা তানভীর বারী হামিম বললেন, ‘আমি এ দলের (ছাত্রদলের) একজন কর্মী, এতটুকু পরিচয়ই আমার জন্য প্রচণ্ড গর্বের, আলহামদুলিল্লাহ।
বুধবার (৪ মার্চ) নিজের ফেসবুক আইডি থেকে তিনি এ প্রতিক্রিয়া জানান।
তিনি লিখেছেন, ক্লাস ৬ (২০১২) থেকে কলেজ জীবন (২০১৭) পর্যন্ত কোন পদ ছিল না, ছাত্রদলের রাজনীতি করেছি। জানতে পারলাম, কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক থেকে সাময়িক অব্যাহতি দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। আমি এ দলের একজন কর্মী, এতটুকু পরিচয়ই আমার জন্য প্রচণ্ড গর্বের, আলহামদুলিল্লাহ।
এর আগে বুধবার (৪ মার্চ) ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক ম. জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে তানভীর বারি হামিমকে অব্যাহতি দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হলের আহবায়ক তানভীর বারী হামিমকে ছাত্রদল থেকে সাময়িক অব্যহতি দেওয়া হয়েছে।