Thursday 05 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির সঙ্গে পল কাপুরের বৈঠক অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৬ ২০:১২

বিএনপির সঙ্গে পল কাপুরের বৈঠক অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে গুলশানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, ‘সকাল ১১টায় প্রতিনিধি দলটি প্রবেশ করে এবং ১১টা ৫০ মিনিটে বেরিয়ে আসে।’

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- ব্যারিস্টার নওশাদ জমির, মাহবুবুর রহমান, নায়েবা ইউসুফ ও নিপুণ রায় চৌধুরী।

বৈঠকের পর আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, ‘এটা তো বলার অপেক্ষা রাখে না যে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী হিসেবে বিভিন্নভাবে অতীতে সহযোগিতা করেছে। আজ নতুন সরকার এসেছে। কাজেই তারা স্বাভাবিকভাবে এখানে আসবে। বাংলাদেশে কী হচ্ছে, আমাদের নীতিমালাগুলো কী, আমাদের ভবিষ্যৎ কর্মপন্থাগুলো কী এবং বিভিন্ন দেশের সাথে পারস্পরিক সম্পর্ক বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে নিয়ে আলোচনা করার জন্য আজকে এখানে এসেছি।’

বিজ্ঞাপন

মার্কিন যুক্তরাষ্ট্রেরে সঙ্গে সম্পাদিত চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে কি না? জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে তারা (যুক্তরাষ্ট্র) সরকারের সঙ্গে আলোচনা করেছে। কী আলোচনা করেছে সেটা হয়তো সরকার আপনাদের জানিয়েছে এবং তারাও আপনাদের জানাবে। আজ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, সেগুলো মূলত দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, সেই সম্পর্কের বিষয়গুলো এবং ভবিষ্যৎ যে সরকারের নীতিমালার বিষয়গুলো।’

মঈন খান বলেন, ‘আপনারা জানেন, আজকের বিশ্বের বিভিন্ন ধরনের যে ঘটনা প্রবাহ তথা সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক, বৈদেশিক ও অর্থনৈতিক সম্পর্কের বিষয়ে আলোচনা হয়েছে।’

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর