Wednesday 13 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেফাজত আমিরের সঙ্গে আসিফ মাহমুদের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ২১:০৬ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ০০:২০

হেফাজত আমিরের সঙ্গে আসিফ মাহমুদের সৌজন্য সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও ফটিকছড়ি জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগরী মাদরাসার মহাপরিচালক আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে ফটিকছড়ি জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগরী মাদরাসায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারও উপস্থিত ছিলেন।

জানা গেছে, সাক্ষাতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি, সামাজিক ও ধর্মীয় শিক্ষার ভূমিকা এবং ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়। অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে পারস্পরিক শুভকামনা ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

বিজ্ঞাপন

এ সময় আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী আসিফ মাহমুদকে দোয়া করেন এবং তার লেখা একটি বই উপহার দেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ‘মূলত আমি ব্যক্তিগতভাবে হুজুর থেকে দোয়া নেওয়ার জন্যই এখানে এসেছি। এর আগে এখানে আসা হয়নি। এখানে এসে দেখলাম, এত শিক্ষার্থী খুব সুন্দর পরিবেশে পড়াশোনা করছেন। আমরা সামনে হাটহাজারী মাদরাসায়ও যাব।’

তিনি আরও বলেন, ‘হুজুর আমাদের জন্য দোয়া করেছেন, আমিও দোয়া চেয়েছি। তিনি দোয়া করে দিয়েছেন।’ নির্বাচনী প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘দলের পক্ষ আমাকে থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার জন্য বলা হয়েছে। সেটিও একটি উদ্দেশ্য ছিল, সেই কারণেই দোয়ার জন্য এখানে আসা।’

এনসিপির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘আমরা জাতীয় নাগরিক পার্টিকে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করতে কাজ করছি। দলে নতুন অনেকে যুক্ত হচ্ছেন। আমরা চেষ্টা করছি দলকে একটি সুসংগঠিত অবস্থানে নিয়ে যেতে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর