ঢাকা: দুর্নীতির অভিযোগের মামলায় ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর আয়করসংক্রান্ত নথিপত্র জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের পক্ষে উপসহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ জালাল এ আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে প্রায় ১৮ কোটি ৭২ লাখ টাকার সম্পদ গোপন ও জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ ছাড়া, তার নামে খোলা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও মোট ৮২টি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ২৮০ কোটি ১৪ লাখ টাকা জমা এবং ২৬৮ কোটি ৬৬ লাখ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে। এসব লেনদেনের মাধ্যমে সন্দেহজনকভাবে অর্থ হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের অভিযোগও রয়েছে।
দুদকের ভাষ্য অনুযায়ী, একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে তিনি অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন- এমন অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।
মামলার তদন্ত এখনও চলমান। তদন্তের স্বার্থে আসামির আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট নথির মূল কপি জব্দ এবং সেগুলোর সত্যায়িত অনুলিপি সংগ্রহ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।