সিলেট: প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার সিলেটে পা রাখলেন তারেক রহমান। তবে রাজনৈতিক খবরের মাঝেও নেটিজেনদের নজর কেড়েছে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমানের একটি বিশেষ ছবি, যেখানে তাদের হাতে হাত রেখে শাহজালাল (র.)-এর মাজার প্রাঙ্গণে হাঁটতে দেখা গেছে।
ঝুম বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রী যখন মাজার জিয়ারতে পৌঁছান, তখন তার পাশে ছায়ার মতো ছিলেন ডা. জুবাইদা রহমান। প্রতিকূল আবহাওয়ার মাঝেও তাদের এই পারস্পরিক আস্থা ও ভালোবাসার মুহূর্তটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভক্ত-অনুরাগীরা ছবিটিকে ‘আদর্শ দম্পতি’র উদাহরণ হিসেবে শেয়ার করছেন।
মাজার জিয়ারত শেষে মোনাজাতে অংশ নেন তারা। প্রধানমন্ত্রীর এই সফরে ডা. জুবাইদা রহমানের উপস্থিতি রাজনৈতিক মহলেও ইতিবাচক সাড়া ফেলছে। তাদের এই নির্ভরতার মুহূর্তটি সাধারণ মানুষের মাঝে তৈরি করেছে এক অন্যরকম আবেগ।

বৃষ্টিভেজা সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের নির্ভার মুহূর্ত। ছবি: সংগৃহীত
এর আগে সকাল ১০ টায় সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণের পর বিমান থেকে নেমে স্ত্রী জুবাইদা রহমানের হাত ধরে হাঁটতে দেখা যায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে। এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। দেশ-বিদেশে প্রশংসায় ভাসিয়ে বিভিন্ন ইতিবাচক মন্তব্য করতে দেখা যায়।
সোশ্যাল মিডিয়া ফেসবুকে আ ন ম মাহমুদ্দিন নবী নামের এক যুবক লিখেছেন, ‘দীর্ঘ ১৭ বছরের কঠিন পথচলায় যখন অপবাদ, সমালোচনা আর রাজনৈতিক ঝড় তাকে বারবার ভেঙে দিতে চেয়েছে, তখন নীরবে শক্ত হয়ে পাশে দাঁড়িয়েছেন তিনি। কেউ দেখেনি সেই অদৃশ্য লড়াই, কেউ শুনেনি ভরসার সেই কথাগুলো—‘তুমি পারবে।’ আজকের এই মুহূর্ত শুধু একটি ছবি নয়, এটি বিশ্বাস, ভালোবাসা আর অপেক্ষার জয়গাথা। যখন পুরো পৃথিবী দূরে সরে যায়, তখন একজন মানুষ যদি হাত না ছাড়ে—সেখানেই জন্ম নেয় ইতিহাস।’

বৃষ্টিভেজা সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের নির্ভার মুহূর্ত। ছবি: সংগৃহীত
এদিকে, সরকার গঠন হওয়ার পর এই প্রথম সিলেট আগমনে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সিলেট নগরীতে জড়ো হয়েছেন হাজার হাজার নেতাকর্মী। নেতাকর্মীরা জনসভায় অংশ নিতে এবং তারেক রহমানকে একনজর দেখতে প্রত্যন্ত গ্রাম থেকে ছুটে এসেছেন।
এর আগে এদিন সকাল সাড়ে ১০ টায় হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত সম্পন্ন করেন। বেলা ১১টায় নগরের চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের বহুল প্রতীক্ষিত ‘জলাবদ্ধতা নিরসন প্রকল্পের’ শুভ উদ্বোধন করেন। এরপর দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া নদী খননকাজের উদ্বোধন শেষ করে বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এর পর বিকেল ৫টায় সিলেট জেলা সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে একটি দলীয় সভায় অংশ নেওয়ার পর সন্ধ্যা ৭টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।