Monday 04 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাপলা চত্বর হত্যাকাণ্ডের নির্মোহ তদন্ত করতে হবে: চরমোনাই পীর

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ মে ২০২৬ ১৭:৪৬ | আপডেট: ৪ মে ২০২৬ ২১:৩৬

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। ফাইল ছবি

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, ঐতিহাসিক শাপলা চত্বর হত্যাকাণ্ডের নির্মোহ তদন্ত করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে আর কোনো স্বৈরাচার নিজ দেশের নাগরিকদের সঙ্গে এমন নৃশংসতা করতে না পারে।

সোমবার (৪ মে) ঐতিহাসিক শাপলা দিবস উপলক্ষ্যে দেওয়া এক বিবৃতিতে তিনি আরও বলেন, ২০১৩ সালের ৫মে ঢাকায় যে হত্যাকাণ্ড ঘটেছিল, তা আধুনিক জাতিরাষ্ট্রের ইতিহাসে এক বর্বরোচিত ও কলঙ্কময় অধ্যায়। ইসলামী আন্দোলন বাংলাদেশের বহু নেতাকর্মী সেই বর্বরতার শিকার হয়েছে।

চরমোনাই পীর বলেন, ২০১৩ সালের ৫মের পরে দেশের রাজনৈতিক সংগঠন, বুদ্ধিজীবী, সংবাদমাধ্যমের ভূমিকা নিয়েও পুনরায় বিচার-বিশ্লেষণ করা জরুরি। সরকারকে বুদ্ধিজীবী শ্রেণী ও রাষ্ট্রের ৫ম স্তম্ভ গণমাধ্যমের থেকেও কোনো প্রশ্নের মুখোমুখি হতে হয় নাই, বরং বৈধতা উৎপাদন করা হয়েছে। রাষ্ট্রের সেই বর্বরতাও কেবল আদর্শিক মতভিন্নতার কারণে এক ধরণের বৈধতা পেয়েছিল। ইসলামী আন্দোলন মনে করে, যে কোনো ঘটনাকে বস্তুনিষ্ঠ দৃষ্টিতে দেখতে না পারার ব্যর্থতাই বিগত স্বৈরতন্ত্রের পাটাতন নির্মাণ করেছিল।

বিজ্ঞাপন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির দাবি করে বলেন, শাপলায় যারা শাহাদাৎবরণ করেছেন এবং আহত হয়েছেন তাদেরকে জাতীয় বীরের স্বীকৃতি দিয়ে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। শাপলাকেন্দ্রীক মামলাগুলো প্রত্যাহার করে মামলায় ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে হবে। শাপলা হত্যাকাণ্ডের প্রতি ঘৃণা ও প্রতিবাদ জাগরূক রাখতে রাষ্ট্রীয়ভাবে এই দিনকে স্বরণ করতে হবে।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর