ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সোয়া ২০০ প্রার্থীর বিপরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্যয় করেছে সাড়ে ৪ কোটি টাকা।
মঙ্গলবার (১২ মে ) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে দলের নির্বাচনি ব্যয়ের বিবরণী জমা দিয়েছে দলটি। জামায়াতের ২ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন ভবনে গিয়ে দলের নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সই করা খাতভিত্তিক দলের ব্যয় তুলে ধরা হয়। এবার জামায়াত ২২৭ আসনে প্রার্থী দিয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী দলটির সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ের সুযোগ ছিল।
জামায়াতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সই করা ওই হিসাব বিবরণী অনুযায়ী, নির্বাচনে দলটির মোট ব্যয় হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা। এর মধ্যে ২২৫ জন প্রার্থীকে অনুদান হিসেবে দেওয়া হয়েছে ৪ কোটি টাকা, যেখানে গড়ে প্রতি প্রার্থী দল থেকে প্রায় দেড় থেকে ২ লাখ টাকা।
দলটির নির্বাচনি ইশতেহার ডিজাইন ও ছাপা, সংবাদ সম্মেলন আয়োজন, আপ্যায়ন, নির্বাচনি সামগ্রী পরিবহন, কেন্দ্রীয় নেতাদের সফর এবং আইসিসিতে বিজ্ঞাপন দেওয়ার খরচ হিসেবে এ ব্যয় দেখানো হয়েছে।
জামায়াতের নির্বাচনি প্রচারণায় ২০ লাখ ৯০ হাজার ৮২৭ টাকা, পরিবহন খাতে ৮ হাজার ৭শ টাকা, জনসভা ও সফর বাবদ ১৪ লাখ ১৭ হাজার ৫৯৯ টাকা, স্টাফ খরচ ২ লাখ ৮৫ হাজার ৯০২ টাকা এবং আবাসন ও প্রশাসনিক খাতে ৯ লাখ ৪৪ হাজার ৯৪৪ টাকা ব্যয় করেছে দলটি।
এছাড়া বিবিধ খরচ হিসেবে আরও ২ লাখ টাকা খরচ উল্লেখ করা হয়েছে।
এবার ভোটে ৫০টি দল অংশ নেয়। ১২ ফেব্রুয়ারি ভোটের পরদিন ফলাফলের গেজেট হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিয়ে ৬৮ আসন পেয়ে জামায়াত বিরোধী দলে রয়েছে।
আইন অনুযায়ী, গেজেট প্রকাশের পরবর্তী ৯০ দিনের মধ্যে দলের ব্যয় জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।