Saturday 06 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপগঞ্জে এনসিপির ফল উৎসবের মঞ্চে হামলা-ভাঙচুর, আহত ১০

স্টাফ করেসপন্ডেট
৬ জুন ২০২৬ ১৮:৪৮

এনসিপির ফল উৎসবকে কেন্দ্র করে নির্মিত মঞ্চ ও প্যান্ডেলে হামলা ও ভাঙচুর। ছবি: সংগৃহীত

ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আয়োজিত ফল উৎসবকে কেন্দ্র করে নির্মিত মঞ্চ ও প্যান্ডেলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছে।

শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এর আগে শুক্রবার সন্ধ্যাতেও একই অনুষ্ঠানস্থলে ভাঙচুরের অভিযোগ ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অংশগ্রহণে আয়োজিত ফল উৎসব উপলক্ষ্যে কয়েকদিন ধরে মঞ্চ ও প্যান্ডেল নির্মাণের কাজ চলছিল। শুক্রবার রাতে মোটরসাইকেলযোগে আসা একদল ব্যক্তি মঞ্চের বিভিন্ন অংশ ভাঙচুর করে বলে অভিযোগ করেন আয়োজকরা। পরে প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানস্থল পুনরায় প্রস্তুত করা হয়।

বিজ্ঞাপন

তবে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে কয়েক ডজন মোটরসাইকেলে করে আবারও একদল লোক ঘটনাস্থলে আসে। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাদের হাতে দেশীয় ও ধারালো অস্ত্র ছিল। এ সময় তারা মঞ্চ, প্যান্ডেল, চেয়ার-টেবিলসহ অনুষ্ঠানের বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে এবং উপস্থিত নেতাকর্মীদের ওপর হামলা চালায়। আকস্মিক এ ঘটনায় মাঠজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এনসিপির দাবি, হামলায় উপজেলা যুগ্ম সদস্য সচিব ফারাবি হাসান, জেলা যুগ্ম সদস্য সচিব ইউসুফ মোল্লা এবং জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাতসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে যান মাহফুজুর রহমান হুমায়ুন। এ সময় এনসিপির কিছু নেতাকর্মীর স্লোগানকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়।

হামলার জন্য নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদের অনুসারীদের দায়ী করেছেন এনসিপি নেতারা। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে এবং পুলিশের উপস্থিতিতেই ভাঙচুর সংঘটিত হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে সুলতান মাহমুদ বলেন, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তাকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। অন্যদিকে মাহফুজুর রহমান হুমায়ুনও দাবি করেন, হামলাকারীরা বিএনপির কেউ নয়। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই একটি মহল এমন ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আয়োজকরা নিরাপদে তাদের কর্মসূচি পালন করতে পারবেন বলেও তিনি জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর