Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ফতোয়া এখন পার্লামেন্টেই দেওয়া হচ্ছে’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৬ ২০:০০

সংসদ অধিবেশনে কথা বলছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। ছবি: সংগৃহীত

ঢাকা: চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, চট্টগ্রামের মানুষ এখন স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘হাল জামানার মুফতি’ বলে ডাকছে । সেখানে আলোচনা চলছে যে, ফতোয়ার জন্য আর মাদরাসায় যেতে হবে না। কারণ, ফতোয়া এখন পার্লামেন্টেই দেওয়া হচ্ছে।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে তীক্ষ্ণ কটাক্ষ করে এসব কথা বলেন জামায়াতের এই এমপি।

এর আগে ৯ জুন ইসলামী ব্যাংক নিয়ে এক আলোচনায় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছিলেন যে, ‘ইসলামী ব্যাংক ইসলাম নয়, জনাব ফখরুল ইসলাম ইসলাম নয় এবং জামায়াতে ইসলামীও ইসলাম নয়।’ স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

বিজ্ঞাপন

বক্তব্য চলাকালে শাহজাহান চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা ফতোয়ার জন্য আর হাটহাজারী যাব না। ফতোয়ার জন্য পটিয়া যাব না। ফতোয়ার জন্য লালবাগে যাব না। আমাদের এই মহান পার্লামেন্টে জামায়াতে ইসলামীকে ইসলামী দল নয় বলে যিনি বলেন, তার কাছ থেকেই আমরা ফতোয়া নেব।’

তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীকে সঠিকভাবে মূল্যায়ন করতে হলে এর ১০০ বছরের ইতিহাস জানতে হবে এবং জামায়াত ইসলামী দল নাকি অন্য কিছু, সেই ফতোয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই।

আবার জামায়াত সংসদ সদস্যের এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানান বিএনপির সংসদ সদস্য জয়নুল আবেদিন। বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, ‘তিনি কোনো বিতর্ক তৈরি করে সংসদকে উত্তপ্ত করতে চান না, তবে তিনি বিরোধী দলের উদ্দেশে শুধু একটি কথাই বলতে চান, তারা যেন নিজেরাই বিচার করে দেখে ১৯৭১ সালে তারা আসলে কোথায় ছিল।’

জয়নুল আবেদিন মিরপুরের শহিদ বুদ্ধিজীবী কবরস্থানের দিকে তাকানোর আহ্বান জানিয়ে প্রশ্ন তোলেন, ‘স্বাধীনতার মাত্র একদিন আগে কারা সেই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত করেছিল এবং কারা বাংলাদেশকে সম্পূর্ণ বুদ্ধিজীবীশূন্য করতে চেয়েছিল।’

বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর জোরালো দাবি জানিয়ে বিএনপির এই সংসদ সদস্য দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, ‘জুলাই বিপ্লবে যারা শহিদ ও আহত হয়েছেন, তাদের অবশ্যই শ্রদ্ধাভরে স্মরণ করতে হবে। কিন্তু, কোনো অবস্থাতেই ১৯৭১ সালের ইতিহাসকে ভুলে যাওয়া যাবে না।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর