Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কালুরঘাটে দুর্ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৫ ১০:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: চট্টগ্রামের কালুরঘাট সেতুর ওপর ট্রেনের ধাক্কায় সংঘটিত দুর্ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া, প্রাথমিকভাবে বরখাস্ত করা হয়েছে চার রেলকর্মীকে।

শুক্রবার (৬ জুন) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন।

বরখাস্তকৃতরা হলেন- পর্যটক এক্সপ্রেস ট্রেনের দায়িত্ব পালনকারী গার্ড সোহেল রানা (হেড কোয়ার্টার, চট্টগ্রাম), লোকো মাস্টার গোলাম রসুল (টি নং-৫৩০), সহকারী লোকো মাস্টার আমিন উল্লাহ (টি নং-৭২৩) এবং অস্থায়ী গেট কিপার (টিএলআর) মাহবুব।

দুর্ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রদান করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। বিভাগীয় পরিবহণ কর্মকর্তা চট্টগ্রাম এর নেতৃত্বে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, ডিএমই ( লোকো), চট্টগ্রাম, ডিভিশনাল ইঞ্জিনিয়ার -১ এবং বিভাগীয় চিকিৎসক, পাহাড়তলী, চট্টগ্রাম।

বিজ্ঞাপন

উল্লেখ্য, কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি গতকাল বৃহস্পতিবার ৫ জুন রাত ১০টায় চট্টগ্রামের কালুরঘাট সেতু পার হওয়ার সময় সিগনাল না মেনে কতিপয় যানবাহন ব্রিজে উঠে গেলে দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন হতাহত হয়। আহতদের চট্টগ্রাম রেলওয়ে জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এমএইচ/এমপি