Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পঞ্চগড়ে অব্যাহত সেনাবাহিনীর অভিযান, ৩টি বাস কাউন্টারকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৫ ১৫:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়: পঞ্চগড়ে মব সন্ত্রাস ও জনভোগান্তি রোধে বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) এরই ধারাবাহিকতায় রাতে শহরের বিভিন্ন বাস কাউন্টার ও রেলস্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় দূরপাল্লার তিনটি বাস কাউন্টার শাহ আলী পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ ও হামজা এক্সপ্রেস নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় পৃথকভাবে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পঞ্চগড়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুবীর সাহা।

প্রথমে শহরের চৌরঙ্গী মোড়ে অবস্থিত বাস কাউন্টারগুলোতে অভিযান চালানো হয় এবং পরবর্তীতে পঞ্চগড় রেলওয়ে স্টেশনেও অভিযান পরিচালিত হয়। সেখানে উপস্থিত যাত্রীদের সঙ্গে কথা বলে টিকিট কালোবাজারি বিষয়ে সচেতনতা বাড়ানো হয়।

বিজ্ঞাপন

অভিযানে পঞ্চগড় সেনা ক্যাম্পের সদস্যদের পাশাপাশি স্থানীয় পুলিশ সদস্যরাও অংশ নেন।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট সুবীর সাহা সাংবাদিকদের বলেন, ‘ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করছে। নিয়ম লঙ্ঘন করে অতিরিক্ত ভাড়া আদায় করায় তিনটি কাউন্টারকে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে রেলস্টেশনে গিয়ে যাত্রীদের সচেতন করা হয়েছে।’

পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর জোবায়ের হোসেন সিয়াম জানান, ‘মব সন্ত্রাস, অপতৎপরতা ও সাধারণ মানুষের ভোগান্তি প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত। মানুষের নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সারাবাংলা/এমপি