Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শতভাগ বর্জ্য অপসারণের পরও সরেজমিন ভিন্ন চিত্র, ডিএনসিসির ব্যাখ্যা

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৫ ১৮:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এলাকার শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে গতকাল ঈদের দিন রাতে জানিয়েছিলেন প্রশাসক মোহাম্মদ এজাজ। কিন্তু সরেজমিনে ভিন্ন চিত্র দেখা গেছে- এমন সংবাদ প্রকাশের প্রেক্ষিতে ব্যাখ্যা দিয়েছে ডিএনসিসি।

রোববার (৮ জুন) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাখ্যা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

ডিএনসিসি জানিয়েছে, গতকাল ৭ জুন রাতে হালনাগাদ তথ্যের ভিত্তিতে কোরবানির ঈদের প্রথম দিনের শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানানো হয়েছিল। তবে এ তথ্য জানানোর পরও নগরীর অনেক স্থানে পশু কোরবানি করা হয়েছে। পশু কোরবানির স্থান থেকে নতুনভাবে উৎপন্ন বর্জ্য ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীরা রাতের মধ্যেই সরিয়ে এনে ল্যান্ডফিলে স্থানান্তরের উদ্দেশ্যে রাস্তায় ও এসটিএসে জমা রাখে।

বিজ্ঞাপন

সিটি করপোরেশন জানায়, সকালে এসটিএস এবং রাস্তা থেকে থেকে বর্জ্য অপসারণ করে নিয়ে যাওয়া হয়েছে। ল্যান্ডফিলে নিয়ে যাবার পূর্বেই কিছু স্থানের বর্জ্যের ছবি ব্যবহার করে বিভিন্ন গণমাধ্যমে এ সংবাদ প্রকাশ করা হয়েছে। ডিএনসিসির বর্জ্য অপসারণ প্রক্রিয়া সমাপ্ত হয়নি। আজ এবং আগামীকালও বর্জ্য অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে।

ডিএনসিসি আরও জানায়, কোরবানি ঈদে নগরবাসী ঈদের তৃতীয় দিন পর্যন্ত পশু কোরবানি করে থাকেন। যার কারণে প্রতিনিয়ত নগরীতে বর্জ্য উৎপন্ন হয়। একইসঙ্গে চলতে থাকে পরিচ্ছন্নতা কার্যক্রম। ডিএনসিসির ১০ হাজারের বেশি কর্মী এ কার্যক্রমে যুক্ত রয়েছে এবং বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনা করছে। ঘোষিত সময়ের পূর্বেই ডিএনসিসির আওতাধীন এলাকা থেকে সম্পূর্ণ বর্জ্য অপসারণ করে নগরবাসীকে একটি পরিচ্ছন্ন সুন্দর শহর উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ডিএনসিসির প্রশাসক।

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ