Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘আপনারা এমন যোগ্য নেতা নির্বাচন করবেন, যিনি সংসদে গিয়ে আপনাদের সমস্যা সমাধানে কথা বলবেন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৫ ১২:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী: ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, ‘আপনারা এমন যোগ্য নেতা নির্বাচন করবেন, যিনি সংসদে গিয়ে আপনাদের সমস্যা সমাধানে কথা বলবেন।’

রোববার (৮ জুন) সন্ধ্যায় নোয়াখালীর সুবর্ণচরের চরজুবিলী রব্বানিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসায় এক সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশে গত জুলাই গণঅভ্যুত্থানের পর ইতিবাচক ধারার রাজনীতি শুরু হয়েছে। এখন জনগণ তারুণ্যনির্ভর নেতৃত্ব প্রত্যাশা করে।’

নাছির উদ্দিন নাছির তার বক্তব্যে সদর-সুবর্ণচরের নানা সমস্যা তুলে ধরে বলেন, ‘নোয়াখালীর সদর এবং সুবর্ণচরের সাধারণ মানুষ ভালো কোনো ট্রিটমেন্ট পাচ্ছেন না। সরকারি হাসপাতালে শুধু বিল্ডিং হয়েছে, কিন্তু সেখানে কোনো ভালো চিকিৎসা দেওয়া হচ্ছে না।’

বিজ্ঞাপন

নাছির উদ্দিন বলেন, ‘আমার মনে হয় সেখানে সাধারণ মানুষ সামান্য চিকিৎসাটুকুও পান না। যার জন্য মানুষকে প্রাইভেট হাসপাতালমুখী হতে হচেছ। আগামীতে নোয়াখালীতে এমন চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেন সাধারণ মানুষ সরকারি হাসপাতাল থেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা পেতে পারেন।’ এ সময় তিনি চিকিৎসা ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর কথা বলেন।

সুবর্ণচরে তীব্র বিদ্যুৎ সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমার মনে হয়, পুরো দেশের মধ্যে সবচেয়ে অবহেলিত উপজেলা হচ্ছে সুবর্ণচর, যেখানে প্রয়োজনীয় বিদ্যুৎও থাকে না। রাত কিংবা দিন যখন ইচ্ছা তখন বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। দ্বীপ উপজেলা সন্দ্বীপ এবং ভোলাতে দৈনিক ১৭-১৮ ঘণ্টা বিদ্যুৎ থাকে, সেখানে আমাদের সুবর্ণচর উপজেলায় দৈনিক পাঁচ ঘণ্টাও বিদ্যুৎ থাকে না।’ তার এই বক্তব্যে তখন উপস্থিত রাজনৈতিক নেতাকর্মীরা সমর্থন জানান।

নাছির বলেন, ‘বছরের পর বছর এসব রাস্তাঘাটের অবস্থা খারাপের চেয়ে খারাপ হচ্ছে। দেখার কেউ নাই। আপনাদের এমন যোগ্য নেতা নিবার্চন করতে হবে, যিনি সমস্যা সমাধানে সংসদে গিয়ে জোরগলায় কথা বলবেন।’

ছাত্রদলের সাধারণ সম্পাদক জানান, বিএনপির পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ