Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেটে বন ও পরিবেশ উপদেষ্টার গাড়ি আটকে পাথর শ্রমিকদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৫ ১৫:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট: সিলেটের জাফলংয়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে দিয়ে বিক্ষোভ করছেন পাথর শ্রমিকরা। ওই দুই উপদেষ্টা হলেন- বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শনিবার (১৪ জুন) সকাল ১১টার দিকে জাফলং বাজার এলাকায় উত্তেজিত স্থানীয়রা উপদেষ্টাদের রাস্তা আটকে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকলে বাধাগ্রস্ত হয় উপদেষ্টাদের গাড়ি। এ সময় বিক্ষোভকারী কয়েকজন রাস্তায় শুয়ে পড়েন।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ জানান, আকস্মিকভাবে স্থানীয় পাথর শ্রমিকরা উপদেষ্টাদের গাড়ি আটকে দেয়। পরে পুলিশ দ্রুত তাদেরকে সরিয়ে দিয়ে রাস্তা পরিষ্কার করে। পরে উপদেষ্টারা নিরাপদে হরিপুর গেস্টহাউজে পৌঁছেন।

বিজ্ঞাপন

সিলেটের জাফলংসহ সকল পাথর কোয়ারির ইজারা প্রক্রিয়া স্থায়ীভাবে বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয় পাথর শ্রমিকরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এর আগে জাফলং পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সিলেটের নান্দনিক ও নৈসর্গিক আবেদন আছে এইরকম জায়গায় আমরা আর পাথর উত্তোলনে অনুমতি দিব না। এই জায়গা (জাফলং) প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা। আমরা কথা বলেছি পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে। এখানে পরিবেশবান্ধব পর্যটনের বিকাশের মাধ্যমে যারা পাথর উত্তোলন করেন তাদের বিকল্প কর্মসংস্থানের জন্য।’

জাফলং পরিদর্শন শেষে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সারাবাংলা/এসডব্লিউ