Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শরীয়তপুরের আবু ছিদ্দিক হত্যা মামলার ২ আসামি জেল হাজতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৫ ১৮:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরীয়তপুর: জেলার নড়িয়া উপজেলার চাঞ্চল্যকর আবু ছিদ্দিক ঢালী হত্যা মামলার প্রধান আসামি মিন্টু ছৈয়াল (৩৫) ও দুই নম্বর আসামি রাব্বি ছৈয়ালকে (২৮) জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১৬ জুন) দুপুরে নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আসলাম উদ্দিন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

র‍্যাব-৮ ও নড়িয়া থানা পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত উপজেলার চান্দনী এলাকার আবু ছিদ্দিক ঢালী পরিবারের সঙ্গে স্থানীয় মিন্টু ছৈয়ালের বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় গত ১২ জুন রাতে স্থানীয় বাজার থেকে ফেরার পথে মন্নাফ ছৈয়ালের বসত বাড়ির সামনে আবু ছিদ্দিক পৌঁছালে তার বিরোধীরা রামদা, ছ্যানদা, লোহার রড, চাপাতিসহ অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্র শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করে। তার চিৎকারে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরদিন ১৩ জুন সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিজ্ঞাপন

এ ঘটনায় নিহতের ভাই আবু আলেম ঢালী বাদি হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৮-১০ জনের নামে নড়িয়া থানায় করে একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আসলাম উদ্দিন মোল্লা বলেন, ‘গত ১৪ জুন রাতে হত্যা মামলার আসামি মিন্টু ছৈয়াল ও রাব্বি ছৈয়ালকে সাতক্ষীরার কলোরোয়া থেকে গ্রেফতার করে র‍্যাব। বিভিন্ন প্রক্রিয়া শেষ করে ১৫ জুন রাতে নড়িয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। সোমবার (১৬ জুন) সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যহত রয়েছে।

সারাবাংলা/এইচআই