Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ক্লাব বিশ্বকাপ ২০২৫ / পেনাল্টি মিস করে ড্র দিয়েই টুর্নামেন্ট শুরু রিয়ালের

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০২৫ ০৮:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০০০ সালের পর থেকে ক্লাব বিশ্বকাপে টানা ১১ ম্যাচ জিতেছেন তারা। নতুন ফরম্যাটে আয়োজিত হওয়া এবারের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই হোঁচট খেল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জিততে পারেননি তারা। অন্তিম মুহূর্তে পেনাল্টি মিসের হতাশায় আল হিলালের সঙ্গে ১-১ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে রিয়াল মাদ্রিদকে।

গ্রুপ এইচ এর প্রথম ম্যাচে নতুন কোচ জাভি আলোনসোর অধীনে প্রথমবারের মতো মাঠে নেমেছিল রিয়াল। হার্ড রক স্টেডিয়ামে ফেভারিট ছিলেন তারাই। ম্যাচের শুরু থেকে দাপটের সঙ্গে খেলা রিয়াল লিড নেয় ৩৪ মিনিটের মাথায়। রদ্রিগোর পাসে গোল করে দলকে এগিয়ে দেন গঞ্জালো গার্সিয়া।

বিজ্ঞাপন

এই লিড অবশ্য খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রিয়াল। ৪১ মিনিটে ম্যাচে সমতা ফেরায় আল হিলাল। পেনাল্টি থেকে গোল করে আল হিলালকে আনন্দে ভাসান রুবেন নেভেস। ১-১ গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে তেমন কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি দুই দল। ম্যাচের ৮৭ মিনিটের মাথায় বক্সের ভেতর ফ্রান গার্সিয়াকে ফাউল করেন কাহতানি। ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

সেই পেনাল্টি থেকে অবশ্য গোল করতে পারেননি ভালভার্দে। তার শট দারুণভাবে ঠেকিয়ে দেন হিলাল কিপার বোনো। শেষ পর্যন্ত ১-১ ব্যবধানের ড্র নিয়েই মাঠ ছাড়ে রিয়াল-হিলাল।

সারাবাংলা/এফএম