Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টানা বৃষ্টিতে নোয়াখালী শহরসহ বিভিন্ন উপজেলায় জলাবদ্ধতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৫ ১৩:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী: গত কয়েক দিনের টানা বর্ষণে জলাবদ্ধতা দেখা দিয়েছে নোয়াখালী জেলা শহরসহ বিভিন্ন উপজেলায়। বৃষ্টিতে ডুবে গেছে শহরের প্রধান সড়ক, আবাসিক ও বাণিজ্যিক এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থান।

শহরের ড্রেনেজ ব্যবস্থার চরম দুর্বলতায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। এতে দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীরা।

সরেজমিনে দেখা যায়, শহরের প্রাণ কেন্দ্রে পৌর বাজার, আল ফারুক স্কুল রোড, পাঁচ রাস্তার মোড়সহ বিভিন্ন সড়কে জলাবদ্ধতা দেখা যায়। বৃষ্টির পানি ঢুকে পড়েছে বহু বাসা-বাড়ি, দোকান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে।

নোয়াখালী পৌরসভার বাসিন্দা রিয়াজ বলেন, প্রতি বছরই একটু বৃষ্টি হলেই শহরের এমন জলাবদ্ধতা দেখা দেয়। অথচ সমস্যা সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেই। পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি জমে থেকেই স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

নোয়াখালী পৌরসভার বাসিন্দা গৃহিণী নাজমুন নাহার ইতি বলেন, ‘সামান্য পরিমাণ বৃষ্টি হলে আমাদের বাসাতে ও আশপাশে পানি ঢুকে পড়ে। এতে বাসার জিনিসপত্র নষ্ট হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘যদি এখনই টেকসই ড্রেনেজ ব্যবস্থার উদ্যোগ না নেওয়া হয়, তাহলে আগামী দিনে শহর স্থায়ী জলাবদ্ধতার কবলে পড়বে।’

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিনও বৃষ্টি হতে পারে।’

নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, ‘আমি ঢাকায় আছি। বৃষ্টি ও জলাবদ্ধতার কথা শুনেছি। আমরা জলাবদ্ধতা নিয়ে একাধিকবার বসেছি। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।’

সারাবাংলা/এমপি