Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরান থেকে ১০০ বাংলাদেশিকে স্থানান্তরের প্রক্রিয়া শুরু

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৫ ২০:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ইরানে ইসরায়েলের অব্যাহত হামলায় তেহরানে বসবাসকৃত ১০০ জনের মতো বাংলাদেশিকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। তেহরান দূতাবাসে যোগাযোগ করা মোট ১০০ বাংলাদেশির তালিকা প্রস্তত করে দ্রুততার সঙ্গে তাদের ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভারপ্রাপ্ত সচিবের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করা বিকল্প পররাষ্ট্র সচিব নজরুল ইসলাম একথা বলেছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।

তেহরানে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, ‘সেখানে ১০০ জনের মতো বাংলাদেশির একটি তালিকা হালনাগাদ হচ্ছে, এখন তাদের কীভাবে কোন পথে ফেরানো যায়, সে প্রক্রিয়া শুরু হয়েছে। যখন একটি নিরাপদ দেশে নেওয়া হবে, তখন সেখান থেকে বিমানযোগে দেশে ফেরানো হবে।’

বিজ্ঞাপন

নজরুল ইসলাম জানান, ‘ইরানে দায়িত্বপালনরত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে বুধবার গভীর রাত পর্যন্ত কথা হয়েছে। রাষ্ট্রদূত জানিয়েছেন, তেহরান দূতাবাসের সব কর্মকর্তা ও তাদের পরিবার নিরপাদ স্থানে চলে গেছেন। তারা ভালো আছেন, এখনো পর্যন্ত আমাদের কোনো কর্মকর্তা সেখানে হতাহত হয়নি। আর প্রবাসী কর্মকর্তা যারা তেহরানে ছিলেন, তারাও নিরাপদ স্থানে চলে গেছেন। তেহরান দূতাবাসের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে। তারা সুবিধাজনক নিরাপদ স্থানে চলে গেছেন, দূতাবাস তাদের সঙ্গে যোগাযোগ রাখছে। তাদের তৃতীয় কোনো দেশের মাধ্যমে ফেরত আনার চেষ্টা চলছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে তুরস্ক হতে পারে, পাকিস্তানও হতে পারে। যেখানে সব দিক থেকে সুবিধা হবে, সেখান থেকেই ব্যবস্থা আমরা করবো।’

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নজরুল ইসলাম জানান, তেহরানে ৪০০ জনের মতো বাংলাদশি ছিলেন, এ পর্যন্ত আমাদের সঙ্গে ১০০ জনের মতো যোগাযোগ করেছেন। আমরা যেহেতু হটলাইন চালু করেছি, সেকারণে হয়তো এ সংখ্যা আরও বাড়বে। বর্তমানে ইন্টারনেট বন্ধ আছে, তবে টেলিফোনে সম্ভবত যোগাযোগ চালু আছে। বাকিদের তথ্য আমাদের কাছে নেই, তবে যেহেতু হটলাইন চালু আছে, তারা চাইলেই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, সহায়তার দরকার হলে আমরা দেব। এমনকি তেহরানের বাইরে অন্যান্য শহরে যারা আছেন, তাদের, বিশেষ করে বন্দর আব্বাসে বাংলাদেশি আছেন। যদিও সেখানে (বন্দর আব্বাস) তারা এখনো যুদ্ধাক্রান্ত হননি। তবে তারা যদি ভবিষ্যতে সহায়তা চান, তাহলেও দেওয়া হবে। তাদের সংখ্যা প্রায় ২ হাজার।

ইরানে টাকা পাঠানোর প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ইরানে টাকা পাঠাতে জটিলতা আছে। আমাদের দূতাবাসে কিছু টাকা আছে, আর আমাদের একজন অফিসার ইরান যাচ্ছেন। তার মাধ্যমেও টাকা পাঠানো হচ্ছে। আমাদের কিছু বন্ধুপ্রতিম দেশের কাছ থেকেও সহায়তা নেব।

সারাবাংলা/একে/এসআর