Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লালমনিরহাটে নদী ভাঙন রোধ ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৫ ২৩:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই এলাকায় সতী নদীর ভাঙনে একটি সড়ক হুমকির মুখে পড়েছে। নদী ভাঙন রোধ ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ভাঙনকবলিত স্থানে মানববন্ধনে ওই এলাকার নারী, শিশু, বৃদ্ধসহ শতাধিক স্থানীয় মানুষ অংশ নেন।

সতী নদীর অব্যাহত ভাঙনে সড়কটির অস্তিত্ব এখন সংকটাপন্ন, যা স্থানীয়দের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি করেছে। মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কার করে তাদের দুর্ভোগ লাঘবের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।

বক্তারা আরও জানান, সতী নদীর ভাঙনে ভাদাই এলাকার এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সড়কটি দিয়ে এলাকার একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ প্রতিদিন প্রায় ১০ হাজার মানুষ চলাচল করেন। অথচ নদীর ভাঙনে সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, চলতি বর্ষা মৌসুমে ভাঙন অব্যাহত থাকলে সড়কটি সম্পূর্ণ বিলীন হয়ে যাবে। এর ফলে স্কুলগামী শিক্ষার্থী, কৃষিপণ্য পরিবহন ও রোগীবহনসহ নিত্যদিনের যাতায়াতে পুরো এলাকার মানুষকে মারাত্মক দুর্ভোগে পড়তে হবে।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ভূপেন্দনাথ রায়, মামুনুর রশিদ রতন, জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দফতরে আবেদন জানানো হলেও কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তাই অবিলম্বে নদীভাঙন রোধ ও ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের জোর দাবি জানান তারা।

সারাবাংলা/এসআর