Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শুধু প্রাতিষ্ঠানিক সনদ নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা: ববি হাজ্জাজ

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৬ ১৩:৪৭

ঢাকা: কেবল প্রাতিষ্ঠানিক সনদ বা ডিগ্রি দিয়ে কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, ডিগ্রি ও সনদের পাশাপাশি  দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে তরুণদের বাস্তবমুখী, প্রযুক্তিগত ও ভাষাগত বিষয়েও দক্ষতা অর্জন করতে হবে ।

শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) অনুষ্ঠিত ২য় ইউল্যাব-টেসলবিডি আন্তর্জাতিক ইএসপি (ইংলিশ ফর স্পেসিফিক পারপাস) কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে দ্বিগুণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য অর্জনে তরুণ সমাজকে দক্ষ, কর্মক্ষম ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তোলা আবশ্যক। বিশ্বায়ন ও আধুনিক কর্মক্ষেত্রে টিকে থাকতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় যোগাযোগের দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান এবং বাস্তব জীবনের সমস্যা সমাধানের সক্ষমতা অর্জনে জোর দিতে হবে।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত ইংরেজি শিক্ষা ও চর্চায় এখনও বড় ধরনের চ্যালেঞ্জ রয়ে গেছে। শ্রেণিকক্ষে মুখস্থনির্ভর পড়াশোনার বদলে ভাষার ব্যবহারিক প্রয়োগ ও যোগাযোগের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে, শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দিতে শিক্ষকদেরও ভাষাগত দক্ষতা বাড়াতে হবে। কেবল ভাষাগত দুর্বলতার কারণে অনেক সময় মেধাবী শিক্ষার্থীরাও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেলে ধরতে পারেন না। তবে ইংরেজির চর্চার পাশাপাশি নিজ ভাষায় জ্ঞান ও প্রযুক্তিগত পরিভাষা সহজলভ্য করা প্রয়োজন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে যথাযথ দক্ষতায় রূপান্তর করা গেলে তারা জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তিতে পরিণত হবে। তরুণদের জন্য সম্মানজনক কর্মসংস্থান, স্থিতিশীল আয় এবং উদ্যোক্তা হওয়ার পথ সুগম করা জরুরি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কর্মমুখী শিক্ষা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়ার তাগিদও দেন তিনি।

টেসলবিডি ও ইউল্যাব যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে।

ইউল্যাবের ভাইস চ্যান্সেলর (উপাচার্য) অধ্যাপক ড. শামসাদ মর্তুজার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব, রিয়েলি ইংলিশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাইজেল কিলিক এবং বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

বৃষ্টি হতে পারে আরও ২ দিন
৯ অক্টোবর ২০২৬ ১২:৪৬

আরো

সম্পর্কিত খবর